
শেষ আপডেট: 8 June 2021 21:02
মেরিলিন পেরেইরা[/caption]
ব্রাসিলিয়া আসলে তৈরি বিখ্যাত স্থাপত্যকার অস্কার দ্য নেইমারের। তিনি আমাদের ফুটবলার নেইমারের থেকেও দারুণ জনপ্রিয়, এখনও। ব্রাসিলিয়া শহরের আনাচে-কানাচে তাঁর মূর্তি রয়েছে। আমরা অনেকেই রাস্তাঘাটে দেখি, যিশুর ছবি দেখলে আমরা যেমন বুকে ক্রস কেটে তাঁকে শ্রদ্ধা জানাই, তেমনি নেইমারের মূর্তির সামনেও এমনটা করতে দেখা যায় ব্রাসিলিয়ার মানুষদের।
তো এমন একটা বাগানের মতো শহরে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ হতে চলেছে। তাও আর বেশিদিন বাকি নেই। ১৩ জুন কলম্বিয়া ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে এই আসর। খেলাটি আমাদের শহরের মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে।
আমাদের বাড়ি যেখানে সেটিকে ব্রাসিলিয়া সুল বলে, সেন্ট্রো (মানে মূল প্রাণকেন্দ্র) থেকে ১৫ কিমি দূরে, তাই মাঠের খুব কাছেই থাকি আমরা। একটা ট্যাক্সি নিলে চলে যেতে লাগবে মাত্র পাঁচ মিনিট। আমি যখন বিকেলে ব্যাঙ্ক (ব্যাঙ্ক ডু ব্রাজিল) থেকে ফিরি, সেইসময় দেখি স্টেডিয়ামের বাইরে সবাই স্টপ কোপা... কোপা বয়কট করো... প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কেউ চিৎকার করে বলছেন, ‘‘কোপা আমেরিকা কাপ আমরা চাই না, আমাদের দেওয়া হোক সুন্দর একটা শহর।’’
আমাদের এখানে ব্যাঙ্কের সময় সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত। আমি গত সাতবছর ধরে ব্যাঙ্কে চাকরি করছি। সেদিন দেখি আমাদের টিফিন আওয়ার্সে কয়েকজন কর্মী মিলে স্লোগান দিচ্ছেন, ‘‘কোপা আমেরিকা সংগঠন করার বিলাসিতা এবার বন্ধ হোক, মানুষ করোনার জন্য বড় অসহায়।’’
এরকম পরিবেশ আমি জন্মের পর দেখিনি। ব্রাজিলে মানুষ আগে ভাবে ফুটবল নিয়ে, তারপর নিজের জীবন নিয়ে। কিন্তু গত প্রায় দেড়বছর ধরে মৃত্যু মিছিল দেখতে দেখতে মানুষ আজ বড়ই ক্লান্ত। কতজনের নিকট আত্মীয় চলে গিয়েছে এ সময়ে। তাই মানুষ আর বিপদ দেখতে চায় না।
সবাই রাস্তাঘাটে বলাবলি করছে যে, ব্রাজিল সরকারের উচিত হয়নি এইসময় কোপা আমেরিকা সংগঠন করার। কেননা করোনার জন্য সারা ব্রাজিলে পাঁচ লাখ মানুষ মারা গিয়েছেন, সংখ্যাটি বাড়তেও পারে। একটা সময় কবরস্থানগুলিতে মৃতদেহ সমাধিস্থ করার জায়গা পর্যন্ত ছিল না।
সেখানে সরকারের কিছু স্বার্থান্বেষী মন্ত্রী চাইছেন কোপা আমেরিকা করে পকেটে অর্থ পুরতে। সাধারণ মানুষের রাগ গিয়ে পড়ছে প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর দিকে। কারণ তিনি নিজেই চান কোপা যেন বাতিল না হয়!
সব থেকে বড় কথা, দেশের একজন প্রেসিডেন্ট হয়ে ব্রাজিলের কোচ তিতেকে ফোনে হুমকি দিয়েছেন, আপনি যদি কোপা আমেরিকা বাতিল করার পক্ষে সায় দেন, কিংবা দল তুলে নেওয়ার কথা বলেন, আপনাকে কোচের পদ থেকে বরখাস্ত করা হবে। একটা দেশের প্রেসিডেন্ট এমন কথা বলতে পারেন, সেটাই সকলের কাছে অবাক লাগছে।
তিতে বেচারা ভাল মানুষ, তিনি বিতর্ক থেকে দূরে থাকেন, আমাদের আগের কোচ লুই ফিলিপ স্কোলারির মতো নন। স্কোলারি হলে এই হুমকি থেকে আগুন জ্বালিয়ে দিতেন। তিতে যদিও দেশের প্রেসিডেন্টের হুমকিতে চুপ করে ঢোঁক গিলেছেন। যা পরিস্থিতি, তাতে দেশের সরকারের চাপে দলের ফুটবলাররাও এবার কোপা আমেরিকা খেলতে মনস্থ হবেন।
এইভাবে যে দেশটি কোভিডের জন্য সমানে লড়াই চালাচ্ছে, যে দেশটি ফুটবল নিয়ে প্রতিদিন বাঁচে, তারাই মুখ ফিরিয়ে নিচ্ছে কোপা থেকে, এটা ভাবতেই কেমন লাগছে। মানুষ মৃত্যু এত কাছ থেকে দেখেছে বলে এত আতঙ্কে ভুগছেন। তাই আর নতুন করে বিপদ চাইছেন না।