দ্য ওয়াল ব্যুরো: ছিন, শ্রীলঙ্কা, জাপান, ভারত ছাড়ি য়েকরোনা ভাইরাসের আতঙ্ক এবার ইউরোপে। ভাইরাস আতঙ্কে স্থগিত করা হল সিরিয়া লিগের রবিবারের সমস্ত ম্যাচ। ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে সাংবাদিক বৈঠক করে সব ম্যাচ স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন। যার ফলে গভীর উদ্বেগে ইতালির ফুটবল মহল।
এখনও পর্যন্ত করোনা সংক্রমনে ইতালিতে মৃত্যু হয়েছে ২ জনের। ভাইরাস মিলেছে প্রায় ৮০ জনের শরীরে। ৫০ হাজার মানুষকে গৃহবন্দি করেছে ইতালি সরকার। এবার আতঙ্ক থাবা বসাল ইতালির প্রিমিয়ার ডিভিশন লিগেও।
ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরার ভেনিটো ও লোম্বার্ডির সমস্ত ম্যাচ বাতিলের কথা ঘোষণা করেছে। সিরিয়ে লিগের সূচি অনুযায়ী, রবিবার ইন্টার মিলান-সাম্পদোরিয়া, আটালান্টা-সাসুওলো এবং হেলাস ভেরোনা-ক্যালিয়ারির ম্যাচ ছিল। সবকটি ম্যাচই স্থগিত করা হয়েছে। কবে এই ম্যাচগুলি হবে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি ইতালির ফুটবল ফেডারেশন। শনিবারও বেশ কিছু ম্যাচ বাতিল করা হয়েছিল।
শনিবারের পর থেকে ভেনিটো, লোম্বার্ডি শহরের স্কুল-কলেজ, হোটেল-রেস্তরাঁও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া অন্য কিছু চালু থাকবে না, এই মর্মে স্থানীয় প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে। বিশ্ববিখ্যাত ফ্যাশন শো মিলান ফ্যাশন উইকও প্রশ্নের মুখে। তা অনুষ্ঠিত হবে কিনা স্পষ্ট নয়। একাধিক ফ্যাশন ডিজাইনার শো-এ অংশ নিতে রাজি হননি। ভেনিস কার্নিভালও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে করোনা নিয়ে তীব্র আতঙ্ক ইতালি জুড়ে।