দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডকে টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করার পরের দিনই বড় ধাক্কা খেলেন কোহলিরা। হ্যামস্ট্রিংয়ের চোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের সহ-অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মা। সোমবার টিম ম্যানেজমেন্টের তরফে একথা জানিয়ে দেওয়া হয়। তবে রোহিতের বদলি হিসেবে কে খেলবেন সেকথা জানানো হয়নি।
এদিন সকালে ভারতীয় ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, “এই সিরিজে আর খেলতে পারবেন না রোহিত শর্মা। এই মুহূর্তে তাঁর চোট খুব একটা ভাল দেখাচ্ছে না। দলের ফিজিও তাঁকে দেখছেন। তাঁর হ্যামস্ট্রিং পুল হয়েছে, নাকি ছিঁড়েছে তা এখনও বোঝা যাচ্ছে না। তবে এই সফরে আর খেলছেন না রোহিত।”
মাউন্ট মৌঙ্গানুইতে পঞ্চম টি ২০ ম্যাচে এক রান নিতে গিয়ে হ্যামস্ট্রিং পুল হয় রোহিতের। সঙ্গে সঙ্গে ফিজিও মাঠে যান। কিছুক্ষণ পরে ফের ব্যাট করতে গিয়ে একটা ছক্কা মারেন তিনি। কিন্তু তিন বল পরে আর চালিয়ে যেতে পারেননি। রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। বাকি সময় ড্রেসিং রুমেও খুব একটা দেখা যায়নি রোহিতকে। তখনই আশঙ্কা করেছিলেন ভারতীয় সমর্থকরা। সেটাই সত্যি হল।
রোহিতের বদলি হিসেবে ওয়ান ডে ও টেস্ট সিরিজে কে খেলবেন সে ব্যাপারে এখনও বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। কাঁধের চোটের কারণে আগেই বাদ হয়েছেন শিখর ধাওয়ান। এবার রোহিতও বেরিয়ে যাওয়ায় ভারতের ওপেনিং জুটি কী হবে তা নিয়ে অনেকগুলো নাম ভেসে আসছে।
বর্তমান পরিস্থিতিতে ওয়ান ডে ও টেস্ট দুটি সিরিজেই ওপেনার হিসেবে লোকেশ রাহুলের নাম পাকা। একদিনের ক্রিকেটে রাহুলের সঙ্গে ওপেন করতে পারেন ময়ঙ্ক আগরওয়াল। তবে সম্প্রতি ইন্ডিয়া এ দলের হয়ে নিউজিল্যান্ডে ডবল সেঞ্চুরি করেছেন শুভমান গিল। তাই তাঁর নামও রয়েছে আলোচনায়। অন্যদিকে টেস্ট সিরিজে রাহুলের সঙ্গে জুড়িদার হিসেবে ময়ঙ্ক আগরওয়ালই থাকবেন। পৃথ্বী শ ও শুভমান গিলকে ব্যাক আপ হিসেবে রাখা হতে পারে।
এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিই হয়তো রোহিতের পরিবর্তের নাম ঘোষণা করবেন। তবে তাতে কিছুটা দেরি হবে। কারণ ইতিমধ্যেই নিউজিল্যান্ড রওনা দিয়েছে বোর্ড সচিব জয় শাহ ও কোষাধ্যক্ষ অরুণ ধূমল। তাঁরা গিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করবেন। তারপর সচিবের নির্দেশের পরেই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।
বুধবার থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। সাম্প্রতিক ফর্ম বিচার করলে রোহিত ছিলেন এই দলের অন্যতম প্রধান শক্তি। কিন্তু এখন তাঁকে পাবেন না বিরাটরা। এটা ভারতীয় দলের কাছে একটা ধাক্কা বটে। এখন দেখার রোহিতের অভাব ঢাকতে বাকিরা কতটা দায়িত্ব নেন।