হিন্দু বলেই পাকিস্তান দলে ব্রাত্য ছিলেন দানিশ, বিস্ফোরক শোয়েব আখতার
দ্য ওয়াল ব্যুরো: অনিল দলপতের পরে দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে পাকিস্তান দলের সদস্য ছিলেন তিনি। ডানহাতি এই লেগ স্পিনার দানিশ কানেরিয়া স্পট ফিক্সিংয়ের জন্য নির্বাসিত। এতদিন পরে তাঁকে নিয়ে মুখ খুলেছেন একসময়ে তাঁরই সতীর্থ শোয়েব আখতার। বলেছেন
শেষ আপডেট: 27 December 2019 07:28
দ্য ওয়াল ব্যুরো: অনিল দলপতের পরে দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে পাকিস্তান দলের সদস্য ছিলেন তিনি। ডানহাতি এই লেগ স্পিনার দানিশ কানেরিয়া স্পট ফিক্সিংয়ের জন্য নির্বাসিত। এতদিন পরে তাঁকে নিয়ে মুখ খুলেছেন একসময়ে তাঁরই সতীর্থ শোয়েব আখতার। বলেছেন, কানেরিয়া হিন্দু হওয়ায় অনেকে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেন। এরপরেই আবার নিজের দুরবস্থার কথা তুলে ধরে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সাহায্য প্রার্থনা করেছেন প্রাক্তন এই স্পিনার।
বৃহস্পতিবার এক টেলিভিশন শোয়ে কানেরিয়াকে নিয়ে মুখ খোলেন শোয়েব আখতার। তিনি বলেন, "পাকিস্তান ক্রিকেট দলে বেশ কিছু ক্রিকেটার দানিশ কানেরিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। কারণ দানিশের ধর্ম হিন্দু। তাই দলে ব্রাত্য ছিলেন উনি। এমনকি অনেকে কানেরিয়ার সঙ্গে বসে খেতে পর্যন্ত চাইতেন না।" শোয়েবের এই মন্তব্যের পরেই মুখ খোলেন কানেরিয়া। তিনি বলেন, "আমি টেলিভিশনে শোয়েব আখতারের সাক্ষাৎকার শুনেছি। বিশ্বের সামনে সত্যিটা তুলে ধরার জন্য শোয়েবকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই কথা আমার মনে সাহস জোগাচ্ছে। সেইসঙ্গে যেসব বিখ্যাত ক্রিকেটার আমাকে সাহায্য করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানাই।" তবে সেই সময় পাক দলে যাঁরা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেন তাঁদের মুখোশ খুলে দেবেন বলেও জানিয়েছেন দানিশ।

এই মুহূর্তে সময়টা নাকি ভাল যাচ্ছে না কানেরিয়ার। এসেক্সের হয়ে কাউন্টি খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে কানেরিয়াকে নির্বাসন দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। পাক দলেও আর সুযোগ হয়নি তাঁর। অনেকের কাছেই সাহায্যের আবেদন করেছেন এই স্পিনার। কিন্তু সাহায্য পাননি। তাই বাধ্য হয়েই পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে সাহায্য চেয়েছেন তিনি। কানেরিয়া বলেছেন, "ইমরান খান-সহ পাকিস্তানের সমস্ত কিংবদন্তি ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের কাছে সাহায্যের আবেদন করছি। আমি খুব কষ্টে আছি। আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন। এর আগে অনেকের কাছে আমি সাহায্য চেয়েছি। কিন্তু পাইনি। ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে আমি নিজের সবটা দিয়েছি। এর জন্য আমি গর্বিত। কিন্তু এখন আমার সাহায্যের দরকার। আমি আশাবাদী পাকিস্তানের মানুষ আমাকে সাহায্য করবেন।"
পাকিস্তানের হয়ে ৬১টি টেস্টে ২৬১টি উইকেট নিয়েছেন ৩৯ বছরের দানিশ। উইকেট নেওয়ার পর তাঁর আকাশের দিকে তাকিয়ে প্রণাম করার সেলিব্রেশন এখনও সবার মনে আছে। এবার তাঁকে নিয়েই ফের উত্তাল হল পাকিস্তান ক্রিকেটের অন্দরমহল।