দ্য ওয়াল ব্যুরো: করোনভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে এই প্রথম এত কম বয়সী কারঅ মৃত্যু হল। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন স্পেনের তরুণ ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়া। বয়স হয়েছিল ২১ বছর।
লিউকোমিয়ায় আক্রান্ত ছিলেন মালাগা লিগের ক্লাব অ্যাটলেটিকো পোর্তাদা আল্টাসের যুব দলের ম্যানেজার ফ্রান্সিসকো। তার মধ্যেই থাবা বসায় করোনাভাইরাস বা কোভিড-১৯। ‘গোল ডটকম’ জানিয়েছে, রবিবার রাতে ফ্রান্সিসকো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই মুহূর্তে স্পেনের যুব লিগে অ্যাটলেটিকো পোর্তাদা আল্টাস শীর্ষে রয়েছে। কোচের মৃত্যুতে ভেঙে পড়েছে খেলোয়াড়রাও। ক্লাবের তরফে টুইটে লেখা হয়েছে, এখন তোমাকে ছাড়া আমরা কী করব ফ্রান্সিস? যখনই দরকার হয়েছে তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছো, আমাদের সাহায্য করেছ তোমার সবটা দিয়ে। আমরা কী করে লিগে জয় ধরে রাখব? আমরা জানি না কী ভাবে তা সম্ভব। কিন্তু অবশ্যই তোমার জন্য আমরা পারব। আমরা তোমাকে ভুলব না, শান্তিতে থেকো সারাজীবন।''
ক্রমশ ভয়াল আকার নিচ্ছে করোনা। ইউরোপের দেশগুলির মধ্যে ইতালির পর স্পেনের অবস্থা সবচেয়ে খারাপ। বার্সেলোনা থেকে মাদ্রিদ সমস্ত শহরে স্পোর্টস ইভেন্ট বাতিল করা হয়েছে। ‘লক ডাউন’ ঘোষণা করেছে সরকার। বন্ধ যাতায়াত। পরিস্থিতি যখন ক্রমশ খারাপ হচ্ছে, তখনই তরুণ এই ফুটবল কোচের মৃত্যুর খবর পাওয়া গেল। ফ্রান্সিসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ামক সংস্থা ফিফাও।