দ্য ওয়াল ব্যুরো: টানা আট টি-২০তে হারের পরে ভারতের বিরুদ্ধে জিতল বাংলাদেশ। দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশকে জেতালেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাঁর হাফ সেঞ্চুরিতেই জয় পেল বাংলাদেশ।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ওভারেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। অন্যদিকে শিখর ধাওয়ান ভাল খেললেও নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতিও কম ছিল। ধাওয়ান ৪১ করে রানআউট হন। শেষ দিকে ক্রুনাল ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ১৪৮ তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে লিটন দাস আউট হলেও পার্টনারশিপ গড়েন সৌম্য সরকার ও নঈম। চাহালের বলে নঈম আউট হলে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। প্রথমে সৌম্য ও পরে মাহমুদুল্লাহর সঙ্গে পার্টনারশিপ গড়লেন তিনি। শেষ ১২ বলে জিততে দরকার ছিল ২২ রান। খলিল আহমেদের এক ওভারে ১৮ রান নিলেন মুশফিকুর। নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।
শেষ ওভারে ছক্কা মেরে ম্যাচ জেতালেন অধিনায়ক মাহমুদুল্লাহ। মুশফিকুর ৬০ ও মাহমুদুল্লাহ ১৫ করে অপরাজিত থাকেন।
ভারতের বিরুদ্ধে টি ২০ ক্রিকেটে প্রথম জিতল বাংলাদেশ। সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল তারা। সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচে জিততে হবে ভারতকে।