দ্য ওয়াল ব্যুরো: নিখুঁত টেকনিক। একটার পর একটা বল ধেয়ে আসছে। প্রতিটি বলকে নিপুন টেকনিকে উড়িয়ে দিচ্ছে সে। ব্যাটে-বলে কানেক্ট হওয়ার পর কব্জির মোচড়ে ব্যাট ঘোরাচ্ছে মাথার সামনে দিয়ে। হাওয়ায়।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে এই শট দেখিয়েছিলেন। নাম- হেলিকপ্টার শট। বছর দশেকের একটি মেয়ে ইনডোরে দাঁড়িয়ে সেই শট খেলছে সাবলীল ভাবে।
https://twitter.com/cricketaakash/status/1293751619671060480
একটি ভিডিও টুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি জানিয়েছেন মেয়েটির নাম পরী শর্মা। ধোনির কথা মনে করিয়েছেন তিনিও। যা দেখে কার্যত হইহই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এমনিতে আকাশ চোপড়া মাঝেমাঝেই এই ধরনের টুইট করেন। গত বছরই এক তরুণীর বোলিং অ্যাকশন টুইট করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁর বোলিং অ্যাকশন অবিকল হরভজন সিং-এর মতো। যদিও তা হরভজন না কি যশপ্রীত বুমরাহের মতো তা নিয়েও বিস্তর বিতর্ক হয়েছিল।
ছোট্ট পরীর হেলিকপ্টার শট দেখে নানা জনে নানা মন্তব্য কর এছেন। কেউ লিখেছেন, “ধোনি যদি মেয়ে হত...’, কেউ আবার লিখেছেন, ‘মহিলা ক্রিকেটের এমএস ধোনি!’ সব মিলিয়ে পরী এখন টুইটারের বিষ্ময় বালিকা!