দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান আইডল ছাড়ছেন অনু মালিক। বিচারকের আসনে আর দেখা যাবে না এই পরিচালককে। কানাঘুষো শোনা যাচ্ছে এমনটাই। গত একবছর ধরে বারবার মিটু বিতর্কে নাম জড়িয়েছে অনু মালিকের। তাঁর বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছিলেন গায়িকা সোনা মহাপাত্র। অনু মালিককে 'শিকারি' বলেও তোপ দাগেন তিনি।
অনু মালিকের ইন্ডিয়ান আইডল ছাড়ার খবর সোনা বলছেন, "এটা প্রতীকী জয়। চ্যানেল কর্তৃপক্ষ অনেক দেরি করেছে। বহুদিন আগেই এই শো থেকে ওঁকে সরানো উচিত ছিল। তবে এটা দারুণ খবর। আমি খুব খুশি। সমাজের বিভিন্ন স্তরে এমন শিকারি মানুষ ওঁৎ পেতে রয়েছেন। এত অভিযোগ ওঠার পরেও অনু মালিক জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিচারক থাকলে সেইসব নিকৃষ্ট মানুষরা হয়তো আরও বেড়ে উঠত।"
কদিন আগেই কেন্দ্রীয় মহিলা এবং শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে খোলা চিঠি লিখেছিলেন সোনা মহাপাত্র। তারপরেই শোনা যাচ্ছে ইন্ডিয়ান আইডল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অনু মালিক।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি সুদীর্ঘ পোস্ট করেছেন অনু মালিক। লিখেছেন, “গত একবছর ধরে আমার বিরুদ্ধে সেইসব অভিযোগ উঠছে যা আমি আদপেও করিইনি। চুপ ছিলাম, কারণ ভেবেছিলাম সত্যিটা সামনে আসবে। তবে এখন বুঝতে পারছি আমার চুপ থাকাটার অনেকে অন্যরকম মানে বের করছেন।” অনু আরও বলেন, “এই অভিযোগ শুধু আমার সম্মানহানি করেনি। আমার পরিবারকেও যথেষ্ট মানসিক যন্ত্রণার মধ্যে দিতে যেতে হচ্ছে। এমন গুরুতর অভিযোগ প্রভাব ফেলছে আমার কাজের জায়গাতেও। ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছি আমি।”
অনু মালিক লিখেছেন, “এই বয়সে এসে এইসব অভিযোগ উঠবে আমার বিরুদ্ধে ভাবতেও পারিনি। দুই কন্যাসন্তানের বাবা আমি। এধরনের আচরণ করব কোনও মহিলার সঙ্গে এমনটা ভাবতেও পারি না। শুধু অবাক লাগছে এতকিছু যখন ঘটেছে, তাহলে কেউ আগে কেন কিছু বলেনি? এতদিনে পরে যখন টেলিভিশনে কাজ করতে ফিরলাম তখন কেন এইসব কথা বলা হচ্ছে?”
অনু মালিক ওই পোস্টে আরও লিখেছেন, “এই দুঃসময়ে যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ। কুর্নিশ আমার পরিবারকেও। এত ঝড়ঝাপ্টা সামলেও কেউ আমায় ছেড়ে যাননি। বরং ক্রমাগত আমায় ভরসা দিয়েছেন। আমি জানি সোশ্যাল মিডিয়ায় চলা এইসব প্রতিবাদের বিরুদ্ধে লড়াই দীর্ঘদিনের। হয়তো অনেকক্ষেত্রে জয়ও আসবে না। তবে এবার নিজেকে বাঁচানোর তাগিদেই হয়তো আদালতের দ্বারস্থ হতে হবে আমায়। সুবিচার চাই আমি।”
#মিটু বিতর্কে বারবারনাম জড়িয়েছে অনু মালিকের। সর্বপ্রথম অনু মালিকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন গায়িকা সোনা মহাপাত্র। তাঁর অভিযোগ, একটি পার্টিতে প্রকাশ্যে স্বামী রাম সম্পথের সামনেই সোনাকে ‘মাল’ বলে সম্বোধন করেন অনু মালিক। সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে তোপ দেগে তাঁকে ‘শিকারি’ তকমাও দেন সোনা মহাপাত্র। বলেন, শিকারির মতো ওঁৎ পেতে বসে থাকেন অনু মালিক।
অনু মালিকের বিরুদ্ধে এত অভিযোগ প্রকাশ্যে আসার পর তাঁকে ইন্ডিয়ান আইডলের বিচারক পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন অনেকেই। শোনা যাচ্ছে এবার ইন্ডিয়ান আইডলের বিচারকের পদ থেকে সরতে চলেছেন অনু। তবে অনু মালিক জানিয়েছেন, তাঁর নামের সঙ্গে জড়িয়ে থাকা দাগ মুছে ফেলে তবেই ফিরবেন কাজের দুনিয়ায়।