দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকেই গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ। নিরাপত্তাবাহিনী জানিয়েছে গোপন সূত্রে তাদের কাছে খবর রয়েছে যে এই এলাকায় দু' থেকে তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের খোঁজেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।
নিরাপত্তাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযান টের পেয়ে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেন নিরাপত্তরক্ষীরাও। সূত্রের খবর, এনকাউন্টার চলাকালীন জায়গা বদল করে কাছেই অন্য কোনও এলাকায় গা-ঢাকা দিয়েছে জঙ্গিরা। তাদের খোঁজে অনন্তনাগের পোশকরেরি এলাকায় অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। কাশ্মীর জোন পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে এমনটাই।
গতকাল অর্থাৎ শনিবার দক্ষিণ কাশ্মীরের কুলগামে এনকাউন্টারে খতম হয়েছে ২ জঙ্গি। নিরাপত্তাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিহত জঙ্গিদের থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। যদিও এই দুই জঙ্গি কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। অবশ্য স্থানীয় সূত্রে খবর এই দু'জন কুলগামেরই বাসিন্দা।
এর আগে গত সপ্তাহে কুলগামের মাঞ্জগাম এলাকায় খুর্দ-হাঞ্জিপোরায় এনকাউন্টারে খতম হয়েছিল জম্মু-কাশ্মীরের আইএস শাখার দুই জঙ্গি। তার আগে খতম হয়েছিল হিজবুল মুজাহিদিনের ২ কম্যান্ডার।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন জারি হওয়ার পর থেকে বারবার উত্তপ্ত হয়েছে উপত্যকা। ৩৯ জন জঙ্গি এবং তাদের ২ সহকারী সহ মোট ৪১ জন নিহত হয়েছে এনকাউন্টারে। এছাড়াও নিহত হয়েছেন ২৪ জন নিরাপত্তারক্ষী। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের জন্য। সেনা সূত্রে এই তথ্য জানা গিয়েছে।