
শেষ আপডেট: 27 August 2018 09:02
দ্য ওয়াল ব্যুরো: যাঁর হাতে ছিল ৭১ জন মানুষের জীবন তিনিই কী না এমন দায়িত্বজ্ঞানহীন!
চলতি বছরের ১৩ মার্চ ঢাকা থেকে কাঠমাণ্ডু যাওয়ার সময় অবতরণের আগেই ভেঙে পড়ে ইউএস-বাংলা বিমান। মৃত্যু হয় ৫১ জনের। সেই বিমান দুর্ঘটনার তদন্ত রিপোর্ট বলছে কোনও যান্ত্রিক গোলযোগ নয় বিমানটি ভেঙে পড়েছিল পাইলটের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই।
নেপালের পত্রিকা ‘কাঠমাণ্ডু পোস্ট’-এ প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে। ইউএস বাংলার’র পাইলট ককপিটে দাঁড়িয়ে সিগারেট খেয়েছিলেন। শুধু তাই নয় অবতরণের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলে যে তথ্য জানাতে হয় সেই ক্ষেত্রেও গাফিলতি ছিল পাইলট আবিদ সুলতানের।
নেপালের ওই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে তদন্তকারী অফিসারকে উদ্ধৃত করে বলা হয়েছে, “পাইলট সুলতান যে কোনও কারণেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ঢাকা থেকে কাঠমাণ্ডু যাওয়ার ওই অল্প সময়ের মধ্যেই একাধিকবার সিগারেট খেয়েছেন ককপিটে দাঁড়িয়ে।” বিমানের ভিতরকার অডিও রেকর্ডারও খতিয়ে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা। অফিসারদের কো-পাইলট জানিয়েছেন ফাইনাল ল্যান্ডিং-এর আগেই নামানো ছিল ল্যান্ডিং গিয়ার।
৭১ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকা থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে উড়েছিল। তদন্তকারীরা জানিয়েছেন পাইলট এবং কো-পাইলটের কথোপকথন শুনে এটা পরিষ্কার যে শারীরিক এবং মানসিক ক্লান্তির জন্য কিছুটা সময় ঘুমিয়েও পড়েছিলেন আবিদ সুলতান। রিপোর্টে আরও বলা হয়েছে, বাংলাদেশ বায়ুসেনার প্রাক্তন পাইলট আবিদ অনেক আগে থেকে অবসাদে ভুগতেন।