দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় আগেই পিছিয়ে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের পুরভোট। এবার সংসদের উচ্চকক্ষ তথা রাজ্যসভার ভোটও পিছিয়ে দিল নির্বাচন কমিশন।
২৬ তারিখ, বৃহস্পতিবার হওয়ার কথা ছিল রাজ্যসভার ভোট। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, জনস্বাস্থ্যে যে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নির্বাচন স্থগিত রাখা ছাড়া আর কোনও পথ নেই। কমিশনের তরফে বলা হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত ভোট স্থগিত। পরবর্তী পরিস্থিতি দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন সদনের বক্তব্য, করোনা ঠেকাতে যে কোনও ধরনের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পরিস্থিতিতে ভোট হওয়া মানে বিপদ ডেকে আনা।
৫৫টি রাজ্যসভার আসন ফাঁকা হয়েছে। ইতিমধ্যেই ৩৭জন বিনালড়াইয়ে জিতে গিয়েছেন। ভোট হওয়ার কথা ছিল ১৮টি আসনে। এরমধ্যে রয়েছে গুজরাত, কর্ণাটকের মতো করোনা কবলিত রাজ্য।
ভারতে.লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ পজিটিভ সংখ্যা। সোমবার মৃত্যু হয়েছে দু'জনের। এরপরই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় ৩০টি রাজ্যে পূর্ণ লকডাউনের। মোট ৫৪৮টি জেলা পড়ছে লকডাউনের আওতায়। কলকাতায় এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে সোমবার। অনেকের বক্তব্য ভারতে করোনা ভাইরাস তৃতীয় স্টেজ অর্থাৎ গোষ্ঠী সংক্রমণে ঢুকে গিয়েছে।