
শেষ আপডেট: 28 September 2019 05:00
সম্প্রতি নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ‘ক্লাইমেট সামিটে’ যোগ দিয়েছিল গ্রেটা। সেখানেই এই সুইডিশ কিশোরীকে একদম অন্যরূপে দেখেছে বিশ্ববাসী। গ্রিন হাউস গ্যাসের নির্গমন রোধে ব্যর্থতার মধ্য দিয়ে তার প্রজন্মের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছিল গ্রেটা। সারা বিশ্বের তাবড় রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে তোপ দেগে বলেছিল, "হাউ ডেয়ার ইউ?" জোর গলায় সকলের উদ্দেশে মেয়েটা বলেছিল, "তোমাদের ফাঁকা ভাষণ দিয়ে আমাদের শৈশবের সব স্বপ্ন ভেঙে চুরমার করে দাও। কী স্পর্ধা তোমাদের!" ১৬ বছরের কিশোরীর এহেন ঝড়ের মতো বক্তৃতা শুনে চমকে উঠেছিল আমজনতা। সকলেই বলেছিল, " সাহস আছে এই মেয়ের। ও পারবে।"
https://www.instagram.com/p/B2yJufdntlz/
রাষ্ট্রসংঘের ‘ক্লাইমেট সামিটে’ গ্রেটার বক্তৃতা প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, "ওই বয়সে আমি স্কুল-কলেজ, পোশাক-ফ্যাশন, বন্ধুবান্ধব এই নিয়েই মশগুল ছিলাম। ১৭ বছর বয়সে মিস ওয়ার্ল্ড হওয়ার সময়েও এসব ভাবনা মাথায় আসেনি। এত দায়িত্ব বুঝতেই শিখিনি। ৩০ পেরনোর পর পরিবেশ সম্পর্কে সচেতনতা এসেছে আমার মধ্যে। সেখানে এই মেয়েটা কিশোরী বয়সেই আমাদের দেখিয়ে দিল যে ভাবনার দিক থেকে ওর প্রজন্ম আমাদের থেকে কতটা এগিয়ে। কুর্নিশ গ্রেটাকে।" ইনস্টাগ্রামে গ্রেটা থুনবার্গের স্পিচ শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, "ধন্যবাদ তোমায় যে সঠিক সময়ে আমাদের চোখে আঙুল দিয়ে সবটা দেখিয়ে দিয়েছ। তোমার প্রজন্মকে একত্রিত করে বুঝিয়ে দিয়েছ যে পৃথিবীকে বাঁচাতে গেলে আমাদের সকলের আরও বেশি করে ভাবা উচিত। দিনের শেষে এই পৃথিবীটাই আছে আমাদের কাছে। তোমায় কুর্নিশ। তোমার প্রয়াসকে ব্যর্থ করার বা তোমায় সাহায্য না করার সাহস আমাদের কারও নেই।"