দ্য ওয়াল ব্যুরো: মোটর ভেহিকেলসের বিলে সংশোধনের প্রস্তাব আনল কেন্দ্রীয় সরকার। নতুন এই প্রস্তাবে, প্রতিটা ক্ষেত্রে জরিমানা কয়েক গুণ করে বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
সূত্রের খবর, দু'চাকার ক্ষেত্রে বিনা হেলমেটে গাড়ি চালালে এখন যে ফাইন হয় ১০০ টাকা, সেটাই হাজার টাকা করা হতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। সে রকমই, বেপরোয়া গতিতে গাড়ি চালালে হাজার টাকার জায়গায় ৫ হাজার টাকা করার কথা হয়েছে। মত্ত অবস্থায় গাড়ি চালালে যেখানে জরিমানা হতো দু'হাজার টাকা, সেখানে এখন তা ১০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র।
তেমনই চার চাকার ক্ষেত্রেও সিটবেল্ট ছাড়া গাড়ি চালালে বা সামনের আসনে বসলে ১০০ টাকার জায়গায় হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিনা লাইসেন্সে গাড়ি চালালে ৫০০ টাকার জায়গায় ৫ হাজার টাকার জরিমানা এবং তিন মাসের জন্য লাইসেন্স বাতিল করার প্রস্তাব রেখেছে কেন্দ্র। ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালে হাজার টাকার জায়গায় ৫ হাজার টাকার প্রস্তাব রাখা হয়েছে। সেই সঙ্গে জরুরি পরিষেবার কোনও গাড়ি আটকালে ১০ হাজার টাকার জরিমানা নেওয়ার কথা বলা হয়েছে।
ট্রাকের ক্ষেত্রে ওভারলোডিংয়ে প্রতি টনে হাজার টাকা জরিমানা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। পথ দুর্ঘটনা এড়াতেই এই নতুন প্রস্তাব আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।