দ্য ওয়াল ব্যুরো: এবার করোনার হানা জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলেও। সূত্রের খবর, কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন এনডিআরএফ-এর এক কর্মী। জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন এনডিআরএফ-এর এক সাব ইন্সপেক্টর।
এনডিআরএফ-এর হেডকোয়ার্টারে পোস্টিং ছিল তাঁর। আপাতত গ্রেটার নয়ডার সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ)-এর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার এনডিআরএফ-এর ওই সাব-ইন্সপেক্টরের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। এই প্রথম এনডিআরএফ-এর কোনও কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা গিয়েছে, অন্য শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। এরপর কোভিড টেস্ট হওয়ায় রিপোর্ট পজিটিভ আসে তাঁর। অর্থাৎ প্রাথমিক ভাবে করোনা সংক্রমণের কোনও উপসর্গ দেখা যায়নি তাঁর। এই ব্যক্তির সংস্পর্শে আসা সকলকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ১,১৮,৪৪৭। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৫৮৩ জনের। আর এ যাবৎ দেশে সুস্থ হয়েছেন ৪৮,৫৩৪ জন।
দেশে করোনার দাপটের মাঝেই ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা, পূর্ব ভারতের এই দুই রাজ্য। সেখানে উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ-এর বেশ কয়েকটি দল।