ম্যানেজমেন্ট সার্টিফিকেট পেলেন যোগী ও তাঁর মন্ত্রীরা, লক্ষ্য সুশাসন আর উন্নয়ন
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে তিনি বসার পর থেকেই বিতর্ক পিছু ছাড়েনি। বারবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বার শাসন এবং নেতৃত্বের উন্নয়ন করতে আইআইএম লখনউ থেকে ম্যানেজমেন্ট কোর্স পাশ করলেন যোগী আদিত্যনাথ।
শেষ আপডেট: 23 September 2019 06:35
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে তিনি বসার পর থেকেই বিতর্ক পিছু ছাড়েনি। বারবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বার শাসন এবং নেতৃত্বের উন্নয়ন করতে আইআইএম লখনউ থেকে ম্যানেজমেন্ট কোর্স পাশ করলেন যোগী আদিত্যনাথ। সঙ্গে তাঁর কিছু মন্ত্রীও।
তিনদিনের মন্থন পর্ব চলে আইআইএম ক্যাম্পাসে। রবিবার সার্টিফিকেট পান যোগী ও তাঁর মন্ত্রীরা। মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য বলেন, "শেখার কোনও শেষ নেই। এটা আমাদের কাছে নতুন অভিজ্ঞতা।"
ম্যানেজমেন্ট ছাত্ররা যে ভাবে ক্লাস করেন, ঠিক সে ভাবেই ব্যাগ জলের বোতল, নোটশিট, পেন- ইত্যাদি নিয়ে ক্লাস করতে দেখা যায় টিম যোগীকে। যাঁরা তিনদিন ধরে পাঠ দিয়েছেন যোগীদের, তাঁরা জানিয়েছেন, একেবারে বাধ্য ছাত্রের মতো ক্লাস করেছেন যোগী ও তাঁর সহকর্মীরা।
উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা জানিয়েছেন, "এই ম্যানেজমেন্ট শিক্ষা প্রশাসনিক কাজে গতি আনবে। মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার সিস্টেমকে আরও মসৃণ করবে।"