পরিযায়ী শ্রমিকদের জন্য ধর্না, আটক যশবন্ত সিনহা ও একাধিক আপ নেতা
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্য ফেরানোর ক্ষেত্রে কেন্দ্রের মোদী সরকার ব্যর্থ, এই অভিযোগ তুলে ধর্নায় বসেছিলেন প্রাক্তন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা ও আম আদমি পার্টির
শেষ আপডেট: 18 May 2020 17:20
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্য ফেরানোর ক্ষেত্রে কেন্দ্রের মোদী সরকার ব্যর্থ, এই অভিযোগ তুলে ধর্নায় বসেছিলেন প্রাক্তন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা ও আম আদমি পার্টির একাধিক নেতা। তাঁদের দাবি ছিল শ্রমিকদের ভালভাবে নিজেদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর সাহায্য নিক কেন্দ্র। এই ধর্না দেওয়ার জন্য আটক করা হয়েছে তাঁদের।
এদিন দিল্লির রাজঘাটে এই ধর্নায় বসেন যশবন্ত সিনহা, সঞ্জয় সিং, দিলীপ পাণ্ডে প্রমুখ নেতা। যশবন্ত সিনহা অভিযোগ করেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনও সঠিক পরিকল্পনা নেই কেন্দ্রের। একাধিক রাজ্য সরকারকেও দায়ী করেন তিনি। যশবন্ত সিনহা বলেন, “আমাদের একটাই ছোট্ট দাবি রয়েছে। সেটা হল সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দেওয়া যাতে ঠিকমতো শ্রমিকদের তাঁদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। বাহিনীকে যতটা ক্ষমতা ও সুযোগ সুবিধা দেওয়ার তা সরকারকে দিতে হবে। কিন্তু ফিরিয়ে নিয়ে যাওয়ার এই পুরো দায়িত্ব তাদের দেওয়া হোক। যতক্ষণ না এই দাবি মানা হচ্ছে ততক্ষণ আমি ধর্না ছেড়ে উঠব না।”
আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, “বিজেপি সরকারের কোনও পরিকল্পনা নেই। পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার কোনও ইচ্ছে নেই কেন্দ্রের। কারণ এই দল শুধুমাত্র বড়লোকদের সাহায্য করে। এই সরকার গরিব-বিরোধী সরকার। এই সরকার বিদেশ থেকে ভারতীয়দের নিয়ে আসতে পারে, কিন্তু যাঁরা পথে হাঁটছেন তাঁদের সাহায্য করতে পারে না। বর্তমান সময়ে বিজেপি সরকারের চেহারা সবার কাছে প্রকাশ হয়ে গিয়েছে।”
আপ বিধায়ক দিলীপ পাণ্ডে অভিযোগ করেন, “সরকার চাইলে প্রতিদিন ২০ হাজার ট্রেন চালিয়ে ২ কোটি ৩০ লক্ষ মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারে। তাহলে সরকারের এই ক্ষমতার ব্যবহার করা উচিত। তা করলে এই সমস্যা হবেই না।”
এই ধর্না শুরু করার পরে সন্ধেবেলা ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের বিরাট দল। যশবন্ত সিনহা ও অন্যান্য নেতাদের আটক করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী থানায়। পুলিশের দাবি, লকডাউনে এই ধর্নার ফলে আইন ভেঙেছেন তাঁরা। তাই তাঁদের আটক করেছে পুলিশ।