দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নিজামুদ্দিন এলাকার মসজিদে তাবলিঘ-ই-জামাতে যোগ দেওয়া অনেকেই করোনা আক্রান্ত। দেশের অন্যতম কোভিড-১৯ হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে দক্ষিণ দিল্লির এই জনপদকে। আশপাশের এলাকায় আতঙ্কও ছড়িয়েছে বিস্তর। যার জেরে সামাজিক বয়কটের মুখে পড়ে দুর্বিষহ অবস্থা নিজামুদ্দিনের কালে খান বস্তির হাজারো মানুষের।
কালে খান বস্তি থেকেই দিল্লির বর্ধিষ্ণু এলাকায় গাড়ির চালক, গৃহপরিচারিকা, আয়া হিসেবে কাজ করতে যান বহু মানুষ। করোনা আতঙ্কে কাজ তো গিয়েছেই। উল্টে সরাসরি সামাজিক বয়কটের মুখে বস্তিবাসীরা। ঘর থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেও যেতে পারছেন না তাঁরা। অসুস্থ হলে ডাক্তার দেখাতেও বেরোতে পারছেন না। এমনই অসংখ্য ঘটনার কথা তুলে ধরেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।
নাদিম নামের এক যুবক গতকাল দুপুরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন ডাক্তার দেখাতে যাবেন বলে। কিন্তু যে আন্ডারপাস দিয়ে বস্তি থেকে মূল রাস্তায় বেরোতে হয় সেখানেই অবরোধ। নাদিম সংবাদমাধ্যমকে বলেন, "কোনও গাড়ি না পেয়ে স্ত্রীকে হাঁটিয়েই নিয়ে যাচ্ছিলাম। কিন্ত আন্ডারপাসের মুখেই কয়েকজন আমায় আটকে দেন। বলে দেওয়া হয়, ওদিকে যাওয়া যাবে না। অনেক অনুরোধ করলেও ওরা যেতে দেয়নি।"
একই অবস্থা কালে খান বস্তিতে থাকা এক বাঙালি মহিলার। মালা নামের ওই মহিলা গৃহসহায়িকার কাজ করেন। গত মাসের ২৫ তারিখ থেকে কাজ বন্ধ। এপ্রিলের শুরুতে মাইনেও আনতে যেতে পারেননি। অর্থসঙ্কটে জর্জরিত মালা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাড়িতে দু'তিনদিনের শুকনো খাবার আছে। তারপর জানি না কী হবে।" তিনি আরও বলেন, "জমানো যতটুকু টাকা আছে তা দিয়ে যে চাল-ডাল আনব তারও উপায় নেই। ওরা যেতে দিচ্ছে না।"
যদিও দিল্লি পুলিশের তরফে আশ্বাস দিয়ে বলা হয়েছে, সতর্কতা মানে সামজিক বয়কট নয়। মানুষ যাতে ওষুধপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিস পান তার ব্যবস্থা করা হবে। যদি কোনও ঘটনা ঘটে থাকে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে।