দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। আর এই লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন গরিব মানুষরা। এই পরিস্থিতিতে গরিব মানুষদের জন্য যে আর্থিক সাহায্য ভারত সরকার ঘোষণা করেছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু-এর প্রধান টেড্রস আধানম।
টুইটারে আধানম লেখেন, “এই লকডাউনের মতো সিদ্ধান্তের প্রভাব সবথেকে বেশি পড়ে দেশের গরিব মানুষদের উপর। দেশের সরকার সবাইকে বাড়ির মধ্যে থাকতে বলছে। মানুষের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে ক্ষতি হচ্ছে গরিব মানুষদেরই।”
এই পরিস্থিতিতে গরিবদের জন্য ভারত সরকার যে প্যাকেজ ঘোষণা করেছে, তাতে খুশি হু-প্রধান। তিনি টুইট করে বলেন, “এই অবস্থায় ভারতের গরিব মানুষদের জিন্য যে ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। এই প্যাকেজের মধ্যে রয়েছে, ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া, ২০ কোটি ৪০ লাখ মহিলাকে সরাসরি ক্যাশ ট্রান্সফার ও ৮ কোটি পরিবারের বিনামুল্যে গ্যাসের জোগান দেওয়া।”
https://twitter.com/DrTedros/status/1245581711942930432?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1245581711942930432&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fwho-chief-tedros-adhanom-ghebreyesus-praises-pm-narendra-modi-on-coronavirus-lockdown-2204750
টেড্রস আধানম আরও বলেন, অনেক উন্নয়নশীল দেশই ভারতের মতো এত বড় আকারে গরিব মানুষদের সাহায্যের জন্য প্যাকেজ ঘোষণা করতে পারবে না। তিনি টুইট করে বলেন, “অর্থনীতির ভেঙে পড়া ও গরিবদের সাহায্যের জন্য ঋণ মুকুবের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে হবে সেসব দেশকে।”
করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়ে দেন, এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী বলেন, ‘কেউ অভুক্ত থাকবেন না।’ এই আর্থিক প্যাকেজের জন্যই মোদীর প্রশংসা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।