দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিক ট্রেন্ড ধরলে তৃতীয়বারের জন্য রাজধানীর মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। যদিও আগের বারের থেকে অনেকটাই এগিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের শাহিনবাগের কথা তুলে আনলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। বললেন, দেশদ্রোহীদের গুলি মারতে বলার মধ্যে ভুল কোথায়।
দিল্লিতে বিধানসভা ভোটের প্রচারে বিজেপির প্রধান অ্যাজেন্ডা ছিল শাহিনবাগ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগের প্রতিবাদীদের বিরুদ্ধে আক্রমণ করেছেন বিজেপি নেতারা। রাজধানীতে যারা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন তাঁদের দেশদ্রোহী বলেও মন্তব্য করেন বিজেপি নেতারা।
সেই প্রসঙ্গেই এদিন এই মন্তব্য করেন দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরি। বললেন, "দেশদ্রোহীদের গুলি করতে বললে ভুল কোথায়? এই ধরনের লোকেদেরই ( দেশদ্রোহী ) তো শুনানির পরে ফাঁসিতে ঝোলানো হয়।" গত মাসে প্রচারে এসে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর শাহিনবাগের প্রতিবাদীদের উদ্দেশে বলেছিলেন, "গোলি মারো শালো কো।" এই কথা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল রাজনৈতিক মহলে। সেই কথাকে সমর্থন করে ফের বিতর্কে জড়ালেন রমেশ বিধুরি।
এছাড়াও এদিন দিল্লিতে আম আদমি পার্টির এগিয়ে থাকার কারণ হিসেবে কেজরিওয়ালের ফ্রিতে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতিকেই তুলে ধরেছেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, "ভোটের আগেই দিল্লির বাসিন্দাদের জন্য ফ্রিতে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই প্রতিশ্রুতি গরিব মানুষদের আপের আরও কাছে নিয়ে গিয়েছে। যদি বিজেপি কর্মীরা তৃণমূল স্তরে গিয়ে কাজ করতে পেরে থাকেন, তাহলে বিজেপি এখানে কিছুটা ভাল করবে। আর যদি তারা মানুষের কাছে পৌঁছতে না পারে, তাহলে ফের কেজরিওয়ালই জিতবেন।"
২০১৫ সালে ক্ষমতায় এসে বিদ্যুতের ভর্তুকি ৫০ শতাংশ করেছিল আপ। তারপরে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দেওয়ার নির্দেশ দেন কেজরিওয়াল।