চা-ওয়ালা থেকে প্রধানমন্ত্রী, সেলুলয়েডে মোদীর চরিত্রে বিবেক ওবেরয়
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারির ১১ তারিখ মুক্তি পাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বায়োপিক 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।' বিতর্কিত এই ছবি মুক্তির চার দিন আগেই আসতে চলেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক 'পিএম নরেন্দ
শেষ আপডেট: 4 January 2019 10:30
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারির ১১ তারিখ মুক্তি পাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বায়োপিক 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।' বিতর্কিত এই ছবি মুক্তির চার দিন আগেই আসতে চলেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক 'পিএম নরেন্দ্র মোদী'র প্রথম পোস্টার।
জল্পনা চলছিল বেশ কয়েকদিন থেকেই। এ বার সেটাই সত্যি হতে চলেছে। ছবিতে মোদীর চরিত্রে অভিনয় করতে চলেছেন বিবেক ওবেরয়। ছবির পরিচালক উমঙ্গ কুমার। এই খবর নিয়ে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, "সিলমোহর পড়ে গেল। উমঙ্গ কুমারের পরিচালনায় নরেন্দ্র মোদীর বায়োপিক 'পিএম নরেন্দ্র মোদী'তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিবেক ওবেরয়। এই ছবির প্রযোজক সন্দীপ সিং। ৭ জানুয়ারি এই ছবির প্রথম পোস্টার প্রকাশ পাবে। ছবির শ্যুটিং শুরু হবে জানুয়ারির মাঝামাঝি থেকে।"
https://twitter.com/taran_adarsh/status/1081044861355155459
প্রযোজনা সংস্থার তরফে জানা গিয়েছে, এই ছবির প্রধান ভাবনা প্রযোজক সন্দীপ সিং ও বিবেক ওবেরয়ের। বিবেক ওবেরয় এই ছবি করতে রাজি ছিলেন প্রথম থেকেই। দক্ষিণ মুম্বইয়ের গারওয়ারে ক্লাব হাউসে এই ছবির প্রথম পোস্টার প্রকাশের অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানেই হয়তো বিবেক ওবেরয়ের লুকস ও ছবি রিলিজের দিনও ঘোষণা করা হবে।
সূত্রের খবর, এক সপ্তাহ আগেই এই ছবি করার অনুমতি পেয়েছে প্রযোজনা সংস্থা। এই ছবিতে নিজের লুকস কীরকম হবে, তা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন বিবেক। অনেক বড় একটা ওয়ার্কশপের মধ্যে দিয়ে সবকিছু ঠিক করতে হবে তাঁকে। জানা গিয়েছে, ছবির একটা বড় অংশ শ্যুটিং করা হবে গুজরাটে। বাকি অংশগুলি দেশের বিভিন্ন রাজ্যে শ্যুটিং হবে।
হিন্দি, ইংরেজি মিলিয়ে মোট ২৩টি ভাষায় এই ছবির পোস্টার প্রকাশ করা হবে বলেও জানা গিয়েছে। প্রকাশ করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
উমঙ্গ কুমার এর আগে মেরি কম ও সরবজিৎ-এর মতো বায়োপিক বানিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর বায়োপিক বানানোর ক্ষেত্রেও তাঁর উপরেই ভরসা করা হয়েছে। সরবজিৎ-এর সময় থেকেই একসঙ্গে কাজ করছে পরিচালক-প্রযোজকের এই জুটি।
এই ছবির কথা সামনে আসার পরেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে নেটিজেনদের মধ্যে। কেউ বলছেন, উনিশের লোকসভা ভোটের কথা মাথায় রেখেই মোদীর প্রচারের জন্য এই ছবি তৈরি করা হচ্ছে। অন্যদিকে এর বিপরীতে গিয়ে কারও প্রতিক্রিয়া, চা-ওয়ালা থেকে প্রধানমন্ত্রীর কুর্শিতে যাওয়ার এই লড়াইকে অবশ্যই সবার সামনে তুলে ধরা উচিত।