
শেষ আপডেট: 20 May 2019 16:02
সোমবার টুইটে যে মিম বিবেক শেয়ার করেছেন, তা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে পরপর তিনটি ছবিতে ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন বি-টাউনের তিন তারকা। সলমন খান, বিবেক ওবেরয় এবং অভিষেক বচ্চন। সলমনের সঙ্গে ঐশ্বর্যার ছবিতে লেখা হয়েছে ওপিনিয়ন পোল। বিবেকের সঙ্গে ঐশ্বর্যার ছবির ট্যাগ এক্সিট পোল। সবশেষে ছোট্ট আরাধ্যা এবং অভিষেকের সঙ্গে ঐশ্বর্যার ছবিতে লেখা রেজাল্ট। আর এই মিমটিই নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে হাসির ইমোজি দিয়ে বিবেক লিখেছেন, “Haha! creative! No politics here….just life”। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, “ক্রিয়েটিভ। এতে কোনও রাজনীতি নেই। এটাই জীবন।”
৯০-এর দশকে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে বিবেক ওবেরয়ের সম্পর্কের কথা কারও অজানা নয়। সে সময় বলিউডের ভাইজান সলমনের হাত ছেড়ে বিবেককেই সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন অ্যাশ। এই নিয়ে সলমনের কাছে সবার সামনে থাপ্পড় পর্যন্ত খেতে হয়েছিল বিবেককে। তবে পরবর্তীকালে ঐশ্বর্যার সঙ্গে বিবেকের সম্পর্ক টেকেনি। তারপর অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে নতুন সম্পর্ক হয় অভিনেত্রীর। এবং কার্যত রাতারাতিই ঐশ্বর্যা বনে যান বচ্চন খানদানের বউ। এই মুহূর্তে মেয়ে আরাধ্যাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি অভিষেক ও ঐশ্বর্যার।
বিবেকের এই ধরণের কাজের সমালোচনা করেছে বলিউডের একাংশও। কেউ তো বলেছেন, মোদীর বায়োপিকে অভিনয় করার পর থেকে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যাচ্ছে বিবেককে। হয়তো লাইমলাইটে থাকার জন্যই এমন কাজ করছেন অভিনেতা, এমন ধারণা অনেকের। তবে কারণ যাই হোক, এই মিম শেয়ার করার পর যে এ বার মহিলা কমিশনের কাছে জবাবদিহি করতে হবে বিবেককে, তা পরিষ্কার।