দ্য ওয়াল ব্যুরো : কখনও এসি খারাপ হয়ে যাওয়া, কখনও বা খাবারের খারাপ মান, এ ধরণের একাধিক অভিযোগ এর আগে উঠেছে রেলের বিরুদ্ধে। তাই বলে এসি কোচের ভিতরে জল থই থই অবস্থা! আগে এ দৃশ্য হয়তো দেখা যায়নি। এ বার তাও দেখা গেল।
ঘটনাটি বেঙ্গালুরু থেকে পাটনাগামী সঙ্ঘমিত্রা এক্সপ্রেসের এ-১ এসি কোচের। জানা গিয়েছে, সম্প্রতি এই কোচে হঠাৎ করে দেখা যায়, একটি এসি ভেন্ট থেকে জল বের হচ্ছে। প্রথমে ধীরে ধীরে পড়লেও ক্রমেই বেশ জোর গতিতে জল বের হতে থাকে ওই ভেন্ট থেকে। ফলে ভেন্টের নীচে থাকা সিট, তার নীচে থাকা মালপত্র ভিজে যায়। জল গিয়ে পড়ে কোচের মেঝেতে। কিছুক্ষণের মধ্যেই মেঝেও জল থই থই।
কোচের মধ্যে থাকা যাত্রীদের বক্তব্য, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় টিটিকে। তিনি সেখানে এসে যাত্রীদের সঙ্গে কথা বলেন। টিটি খবর দেন রেলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কোনও মেকানিক আসেনি। যাত্রীদের অভিযোগ, এই জল বাথরুম থেকে কোনও ভাবে লিক হয়ে এসি ভেন্ট দিয়ে বেরাচ্ছে। কিন্তু অনেক বলার পরেও কোনও মেকানিকের দেখা পাওয়া যায়নি।
https://twitter.com/RaiSuyagya/status/1144943789389373445
পুরো ঘটনাটির ভিডিয়ো করে কোনও যাত্রী তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ভিডিয়ো। কমেন্ট আসতে শুরু করে। এই ধরণের গাফিলতির জন্য অনেকেই রেল দফতরকে কাঠগড়ায় দাঁড় করান। কেউ বা বলেন, ট্রেন ছাড়ার আগে সব কিছু ভালোভাবে দেখে নেওয়া উচিত, কিন্তু সেটা করা হয়নি বলেই এই অবস্থা। আবার কেউ বলেন, এসি খারাপ, খাবার খারাপের পর এ বার জল, সত্যি রেলমন্ত্রক যেন দিনদিন উন্নতি করছে। জানা গিয়েছে, যাত্রীদের অনেকে দাবি করেছেন, ভাড়া ফেরত দিতে হবে।