দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগে ভারতে করোনাভাইরাস মোকাবিলার জন্য ২২ কোটি টাকার অর্থসাহায্য করেছিল আমেরিকা। ফের একবার ২২ কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল ট্রাম্প সরকার। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের তরফে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার জানিয়েছেন, আগামীদিনেও এভাবে ভারতকে সাহায্য করে যাবে আমেরিকা। মার্কিন সরকারের তরফে জানানো হয়েছে, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের নজরদারিতে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং অন্যান্য বেশ কিছু এজেন্সি ভারতে করোনা মোকাবিলায় সাহায্য করে চলেছে।
আমেরিকার তরফে জানানো হয়েছে, এই টাকা ভারতে করোনা মোকাবিলায় একাধিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। স্থানীয় স্তরে যাঁরা এই কোভিড ১৯ মোকাবিলায় কাজ করছেন, তাঁদের বিভিন্ন কাজে সাহায্য করার জন্যই এই অর্থ বরাদ্দ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরাও ভারত সরকারকে সাহায্য করছে বলে জানানো হয়েছে।
মার্কিন দূতাবাসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কোভিড ১৯ বর্তমানে বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে। আর তাই এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ ও সংগঠনগুলিকে একসঙ্গে মোকাবিলা করতে হবে। তবেই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে। এই লড়াইয়ে আমেরিকা সবসময় সাহায্য করতে তৈরি।
এই বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২০ বছরে ভারতকে স্বাস্থ্য বিষয়ে ১০ হাজার কোটি টাকা ও সব মিলিয়ে ২৩ হাজার কোটি টাকার সাহায্য করেছে আমেরিকা। এই কাজ ভবিষ্যতেও আমেরিকা জারি রাখবে বলে জানানো হয়েছে মার্কিন দূতাবাসের তরফে।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এই ফোনালাপের পরেই টুইট করে মোদী বলেন, করোনা মোকাবিলা কী ভাবে করা সম্ভব হবে তা নিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর কথা হয়েছে। এই ভাইরাসের বিরুদ্ধে দু’দেশ মিলে জোট বেঁধে লড়বে বলেই জানিয়েছিলেন মোদী। তারপরেই ভারতকে এই ২২ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করলে আমেরিকা।