সব ভারতীয় হিন্দু নয়, আরএসএস প্রধানকে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভগবৎ বলেছিলেন, ভারতের ১৩০ কোটি লোক যে কোনও ধর্মে বিশ্বাস করতে পারেন, কিন্তু তাঁরা সবাই হিন্দু সমাজের অংশ। সর সঙ্ঘ চালকের এই কথারই তীব্র বিরোধিতা করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটোয়ালে।
শেষ আপডেট: 27 December 2019 07:30
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভগবৎ বলেছিলেন, ভারতের ১৩০ কোটি লোক যে কোনও ধর্মে বিশ্বাস করতে পারেন, কিন্তু তাঁরা সবাই হিন্দু সমাজের অংশ। সর সঙ্ঘ চালকের এই কথারই তীব্র বিরোধিতা করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটোয়ালে।
তিনি বলেন, “এটা একেবারেই ঠিক নয় যে সমস্ত ভারতীয় হিন্দু। আমাদের দেশের ১৩০ কোটি মানুষের কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ শিখ, কেউ জৈন। তাঁরা আলাদা আলাদা সম্প্রদায়ের। তাঁদের সবাইকে হিন্দু বলা যায় না।” তিনি আরও বলেন, “যদি মোহন ভবৎ বলতেন যে, তাঁরা সবাই ভারতীয় তাহলে আমার কিছু বলার ছিল না। কিন্তু তাঁরা সবাই কখনওই হিন্দু নন।”
বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের তৈরি করা রিপাবলিকান পার্টির প্রধান রামদাস। প্রায়ই বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে আসেন তিনি। আরএসএস প্রধানের কথার সরাসরি বিরোধিতা করে ফের জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়েছে তাঁকে নিয়ে।
সম্প্রতি আরএসএস-এর বৈঠক ছিল তেলেঙ্গানার হায়দরাবাদে। সেখানেই ভগবৎ বলেন, “ভারত মাতার সমস্ত সন্তান হিন্দু সমাজের অংশ। তাঁদের পৃথক দেবতা থাকতে পারে, তাঁরা ভিন্ন সংস্কৃতিতে বিশ্বাস থাকতে পারে। কিন্তু তাঁরা প্রত্যেকেই হিন্দু সমাজের অংশ।” সঙ্ঘ প্রধানের এই বক্তব্যের পর বিস্তর জলঘোলা হয়েছিল। বিএসপি নেত্রী মায়াবতী থেকে মিম নেতা তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি প্রতিবাদে সরব হয়েছিলেন। ওয়াইসি বলেছিলেন, “আরএসএস এটাই চায় যে ভারতে একটি ধর্ম ছাড়া আর কেউ থাকবে না। এ জিনিস কখনও মেনে নেওয়া যায় না।” এদিন দেখা গেল নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রীও সরব হলেন সঙ্ঘপ্রধানের বিরুদ্ধে।
ভগবতের বক্তব্যের বিরোধিতা করলেও সেনাপ্রধান বিপিন রাওয়াতের বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এই মন্ত্রী। সেনাপ্রধান গতকাল বলেছিলেন, “আন্দোলনের নামে যারা আগুন জ্বালাচ্ছে, তারা কখনই নেতা হতে পারে না।” এদিন রামদাস বলেন, “সেনাপ্রধান সঠিক ভাবেই বলেছেন। আমিও আবেদন করব, যাঁরা আন্দোলন করছেন তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ করুন। হিংসা ছড়াবেন না।”