দ্য ওয়াল ব্যুরো: ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৩৮৭৫ জন। মৃত্যু হয়েছে ১৯৪ জনের। সেইসঙ্গে সুস্থও হয়ে উঠেছেন ১৩৯৯ জন, যা একদিনে সবথেকে বেশি। বর্তমানে দেশে সুস্থ হয়ে ওঠার হার ২৮.১৮ শতাংশ। ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকলেও তা ধীরগতিতে বাড়ছে বলেই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। তাঁকে প্রশ্ন করা হয়, কেন্দ্রের তরফে বলা হয়েছে, লকডাউনের আগে আক্রান্তের ডাবলিং রেট ছিল ৩.৪ দিন। বর্তমানে তা বেড়ে হয়েছে ১২ দিন। কিন্তু সেই সময় প্রতিদিন ১০০-১৫০ জন আক্রান্ত হচ্ছিলেন। বর্তমানে সেটা দু’হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় তো তা প্রায় চার হাজার। তাহলে ডাবলিং রেট বাড়লেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধিও তো বেড়েছে।
এই প্রশ্নের উত্তরে লব আগরওয়াল বলেন, ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি যদি ভালভাবে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে, আক্রান্তের সংখ্যা একটা নির্দিষ্ট হারে বেড়েছে। অর্থাৎ কোনও সময়েই হঠৎ করে আক্রান্তের সংখ্যার বিরাট বৃদ্ধি হয়নি। অর্থাৎ এই বৃদ্ধি হয়েছে ধীরগতিতে। কিন্তু এই ভাইরাস যেহেতু মানুষ থেকে মানুষে ছড়ায় তাই এই ভাইরাসে আক্রান্তের হার বাড়ার সাধারণ নিয়ম হল গুণত্তর প্রগতিতে বাড়া। তা কোনও দিনই ভারতে দেখা যায়নি।
লব আগরওয়াল আরও জানান, দেশের টেস্টিংয়ের সংখ্যা অনেকটা বেড়েছে। আর টেস্টিং যত বেশি হবে, তত আক্রান্তের সংখ্যা পাওয়া যাবে। কারণ, অনেকেই রয়েছেন, যাঁদের শরীরে কোনও উপসর্গ নেই। কিন্তু তাঁরা আক্রান্ত। বেশি টেস্টিং হলেই তাঁদের খোঁজ পাওয়া যাবে। ১০ লক্ষ টেস্ট হওয়ার পরে আমেরিকা, ইতালি বা ব্রিটেনের তুলনায় ভারতে আক্রান্তের সংখ্যা কতটা কম, তা আগেই একটা পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
এদিন আরও প্রশ্ন করা হয়, পৃথিবীর অনেক দেশেই দেখা যাচ্ছে আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। কিন্তু ভারতে তা বেড়ে চলেছে। তাহলে কি এখনও আক্রান্তের পিক বা সর্বোচ্চ অবস্থায় পৌঁছয়নি ভারত। তার উত্তরে লব আগরওয়াল বলেন, অন্যান্য দেশের থেকে ভারতে এই সংক্রমণ অনেক পরে এসেছে। আর অন্যান্য দেশের দিকে তাকালে বোঝা যাবে, সেখানে হঠাৎ করে আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়েছে। এখন হয়তো কিছু দেশে গ্রাফ নিম্নমুখী, কিন্তু ভারতে কোনওদিনই এই গ্রাফ খুব বেশি বাড়েনি। এখানে বরাবরই আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার কম। ফলে প্রথম থেকেই একটা স্থিতিশীল গ্রাফ দেখা গিয়েছে ভারতে।
সেইসঙ্গে প্রতিদিন সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব। তিনি বলেন, ঠিকমতো চিকিৎসা হচ্ছে বলেই এই সুস্থ হয়ে ওঠার সংখ্যা বাড়ছে। এই হার ভারতের কোভিড মোকাবিলায় ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলেই জানিয়েছেন লব আগরওয়াল।