দ্য ওয়াল ব্যুরো: হোলির আগে ফের উত্তপ্ত উপত্যকা। সোমবার ভোররাতেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর ছিল এই এলাকায় লুকিয়ে রয়েছিল বেশ কিছু জঙ্গি। সেই মতোই সোমবার ভোররাতেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয় সোপিয়ানের রিবেন এলাকায়।
নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীরাও। শুরু হয় গুলির লড়াই। দু’পক্ষের সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। তবে কোনও নিরাপত্তারক্ষীর আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, মৃত জঙ্গিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে এখনও জারি রয়েছে অপারেশন। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তার খোঁজে চলছে তল্লাশি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা রিবেন গ্রামে।
জানা গিয়েছে, সোমবার ভোররাতে রিবেন গ্রামে তল্লাশি চালাচ্ছিল ১ এবং ৪৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ ও স্পেশাল অপারেশন গার্ডের যৌথবাহিনী। গ্রাম সংলগ্ন জঙ্গল এলাকায় তল্লাশি চালানোর সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে একটি বাড়ি থেকে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। সেই সময় জঙ্গলে লুকিয়ে পড়ে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পরে জঙ্গল এলাকা থেকেই উদ্ধার হয়েছে দুই জঙ্গির দেহ।
হোলির আগে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উপত্যকায়। এর আগেও বহুবার সেনা-জঙ্গি সংঘর্ষে রক্তাক্ত হয়েছে সোপিয়ান। বলা হয়, দক্ষিণ কাশ্মীরের এই জেলা জঙ্গি সংঘঠনগুলোর শক্ত ঘাঁটি। হামেশাই কুখ্যাত জঙ্গিরা সোপিয়ান জেলাতেই ডেরা বাঁধে। অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরকও পাচার হয় এই জেলা দিয়েই। তাই উৎসবের আগে সোপিয়ানে নিরাপত্তারক্ষী এবং জঙ্গিদের সংঘর্ষের জেরে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।