দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। ইতিমধ্যেই বাতিল হয়েছে ১১টি উড়ান। নির্দিষ্ট সময়ের তুলনায় অনেকটা দেরিতে উড়েছে বাকি বিমান। বাতিল হয়েছে অসংখ্য ট্রেন। পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের রুট-ও। লাইনে জল জমে যাওয়ায় প্রায় ২০০০ যাত্রী সমেত দাঁড়িয়ে পড়েছে মহালক্ষ্মী এক্সপ্রেস। বদলাপুর এবং ওয়াঙ্গনি-র মাঝে আটকে পড়া ওই ট্রেনের যাত্রীদের উদ্ধারের জন্য ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী (এনডিআরএফ)-এর একটি বিশেষ দল সেখানে পৌঁছে গিয়েছে। জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।
শনিবার নতুন করে বাতিল হয়েছে ৭টি ট্রেন। রুট পরিবর্তন হয়েছে ৯টি ট্রেনের। বাতিল হয়েছে ১১টি উড়ান। এবং রুট পরিবর্তন হয়েছে ৯টি উড়ানের। নির্দিষ্ট সময়ের তুলনায় গড়ে কমপক্ষে আধঘণ্টা করে দেরিতে উড়ছে বিভিন্ন বিমান। কোনও কোনও বিমান এক ঘণ্টা পর্যন্ত দেরিতে উড়ছে। ১৭টি ডোমেস্টিক ফ্লাইটেরও রুট পরিবর্তন করা হয়েছে।
শুক্রবার থেকেই টানা বৃষ্টি চলছে মুম্বইতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপটে থমকে গিয়েছে বাণিজ্য নগরী। শহরের বিভিন্ন অংশে জল জমে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শহরের নানা প্রান্তে দেখা গিয়েছে দীর্ঘ ট্রাফিক জ্যাম। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও মুম্বইয়ের বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ইতিমধ্যেই যে পরিমাণ বৃষ্টি মুম্বইতে হয়েছে তাতে বেসামাল হয়ে গিয়েছে শহর। সাধারণ মানুষের মনে বারবার ফিরে আসছে ১৪ বছর আগের বানভাসি মুম্বইয়ের স্মৃতি।