সাত দিনে দৈনিক সংক্রমণ ২০ হাজারের নীচেই, ৮ লাখের বেশি স্বাস্থ্যকর্মী টিকা পেয়েছেন দেশে
দ্য ওয়াল ব্যুরো: দৈনিক সংক্রমণের পাল্লা আর বিশেষ বাড়েনি। ২০ হাজারের নীচেই আটকে আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত সাত দিনে দৈনিক বৃদ্ধি কম। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ১৫ হাজারের কাছাকাছি। করোনা অ্যাকটিভ কেসও ২ লাখের নীচ
শেষ আপডেট: 21 January 2021 04:36
দ্য ওয়াল ব্যুরো: দৈনিক সংক্রমণের পাল্লা আর বিশেষ বাড়েনি। ২০ হাজারের নীচেই আটকে আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত সাত দিনে দৈনিক বৃদ্ধি কম। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ১৫ হাজারের কাছাকাছি। করোনা অ্যাকটিভ কেসও ২ লাখের নীচে নেমে গেছে। দেশে এখন ভাইরাস সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৯২ হাজার।
নতুন বছরের শুরু থেকেই সংক্রমণের হার আরও কমেছে দেশে। করোনার নতুন স্ট্রেনে আক্রান্তদের সংখ্যা একশোর ছাড়ালেও সংক্রমণ বেশিজনের মধ্যে ছড়িয়ে পড়েনি, এটাই স্বস্তি। দৈনিক সংক্রমণ ১৫ থেকে ১৭ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। অ্যাকটিভ কেসের হার ১.৮৬ শতাংশে নেমে গেছে। করোনায় মৃত্যুও কম। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে মৃতের সংখ্যা ১৫১ জন।

স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, সুস্থতার হার বাড়ছে দেশে। এক কোটির বেশি করোনা রোগী সংক্রমণ সারিয়ে উঠেছেন। সুস্থতার হার ৯৬.৭%।
কোভিড টিকাকরণ জোর কদমেই চলছে। আজ অবধি ৮ লাখ ৬ হাজার ৪৮৪ জন স্বাস্থ্যকর্মী টিকার ডোজ পেয়েছেন। বুধবার সন্ধে ৬টা অবধি দেশের ২০টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে টিকাকরণ হয়েছে। একদিনে ১ লাখ ১২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী টিকার প্রথম ডোজ পেয়েছেন। গতকাল অবধি ১০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর মিলেছে। ২ জনের মৃত্যু হয়েছে, তবে স্বাস্থ্যমন্ত্রকের দাবি টিকার ডোজের সঙ্গে যা সম্পর্কিত নয়।
রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিতে সপ্তাহে চারদিন টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত। তবে গোয়া ও উত্তরপ্রদেশ সপ্তাহে দু’দিন টিকাকরণের কর্মসূচী রেখেছে, মিজোরাম চারদিন ও অন্ধ্রপ্রদেশে সপ্তাহে ৬দিন টিকাকরণ হবে। পশ্চিমবঙ্গে, তামিলনাড়ু, তেলঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখণ্ডে সপ্তাহে চারদিন টিকাকরণ হবে। পশ্চিমবঙ্গে সোমবার, মঙ্গলবার, শুক্র ও শনিবার টিকা দেওয়ার হবে।