দ্য ওয়াল ব্যুরো: যেখানে কাজ করতেন দিল্লিতে, লকডাউনে তা বন্ধ হয়ে যায়। বাড়ি ফিরতে মরিয়া হয়ে ওঠেন বিহারের মধুবনীর তিন শ্রমিক। উপায় না পেয়ে একটি ভ্যানে লাগিয়ে নেন স্কুটারের ইঞ্জিন। তারপর দিল্লি থেকে বিহারের বাড়ির উদ্দেশে যাত্রা করেন তাঁরা।
বিহারের সীমান্তবর্তী উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায় ভ্যান-সহ তিন শ্রমিককে আটকায় পুলিশ।। লালু মাহাতো, গোরেলাল মাহাতো ও তাঁদের এক পারিবারিক সদস্যকে পুলিশ জিজ্ঞেস করে লকডাউনের মধ্যে তাঁরা কোথায় যাবেন? তখনই তাঁরা পুলিশকে জানান সবটা।
মোবাইল ফোনে তোলা ক্লিপ থেকে দেখা যাচ্ছে, পুলিশকর্মীরা তাঁদের কাছে জানতে চাইছেন ৮০০ কিলোমিটারের যাত্রার ধকল পেরিয়ে ওই তিন শ্রমিক কি কয়েক ঘণ্টা বিশ্রাম নিতে চান? জবাবে এক শ্রমিক বলেন, ‘‘না, আমরা ক্লান্ত নই। আমরা কেবল এগিয়ে যেতে চাই। দয়া করে আমাদের যেতে দিন।''
লখনউ থেকে ৩৩০ কিলোমিটার দূরে চান্দৌলিতে জেলা প্রশাসনের তরফে তাঁদের খাবার সরবরাহ করা হল। উত্তরপ্রদেশের পুলিশ তাঁদের সাহায্য করেছে বাড়িতে ফেরার ব্যাপারে। কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের ব্যাপারে মানবিক হতে হবে। সেই কাজই করতে দেখা যায় পুলিশকে।
ওই শ্রমিকদের মধুবনী পৌঁছতে শনিবার সকাল হয়ে যাবে। উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে খাবার এবং মোটর ভ্যানের জন্য জার ভর্তি পেট্রল দেওয়া হয়েছে। কয়েকদিন ধরেই একাধিক জায়গা থেকে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি সামনে আসছে। নবতম সংযোজন এই ঘটনা।