
শেষ আপডেট: 7 January 2019 15:13
পোস্টার রিলিজের পর ফড়নবীশ বলেন, এই ছবি ইতিহাস তৈরি করবে। সেইসঙ্গে মোদীকে 'বিশ্ব নেতা' ও 'রাজযোগী' বলেও সম্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। মোদীর চরিত্রে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত বিবেক ওবেরয়। তিনি বলেন, এই ছবির জন্য তাঁকে অনেক পরিশ্রম করতে হবে। তবে তিনি আশা করছেন, এই ছবি সবার ভালো লাগবে। ছবি শেষ হতে হতে তিনি আরও ভালো মানুষে পরিণত হবেন বলেই আশা বিবেকের। নিজেকে প্রধানমন্ত্রী মোদীর ফ্যান হিসেবেও এ দিন উল্লেখ করেন বিবেক। অনুষ্ঠানের শেষে টুইটারে তিনটি ভাষায় এই ছবির কথা শেয়ার করেছেন বিবেক।
https://twitter.com/Dev_Fadnavis/status/1082250603248607238
এই ছবির পরিচালক হিসেবে রয়েছেন মেরি কম ও সরবজিতের মতো বায়োপিক খ্যাত পরিচালক উমঙ্গ কুমার। একজন বক্সার ও পাকিস্তানে বন্দি এক ভারতীয়র থেকে এই বায়োপিক যে পুরোটাই আলাদা, সেটা এ দিনের অনুষ্ঠানে জানান উমঙ্গ। তিনি বলেন, এই ছবির জন্য একটা বিরাট ওয়ার্কশপ করতে হয়েছে তাঁদের। নিজের লুকস কীরকম হবে, তা নিয়ে অনেক খেটেছেন বিবেক নিজেও। গোটা দেশ জুড়ে ২৩ টি ভাষায় মুক্তি পাবে 'পিএম নরেন্দ্র মোদী।' তবে ছবির মুক্তি লোকসভা নির্বাচনের আগে হবে কিনা, সে ব্যাপারে এ দিন কোনও ঘোষণা করা হয়নি।
কয়েকদিন আগে আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বায়োপিক 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর ট্রেলর রিলিজের পর বিতর্ক শুরু হয়েছিল। কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে এই ছবি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বানানো হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। অন্যদিকে মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করা অনুপম খের জানিয়েছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর লেখা বই অনুযায়ী এই ছবি হয়েছে। এর অন্য কোনও উদ্দেশ্য নেই। ১১ জুন মুক্তি পাচ্ছে সেই ছবি।
এই ছবির কথা সামনে আসার পরেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে নেটিজেনদের মধ্যে। কেউ বলছেন, উনিশের লোকসভা ভোটের কথা মাথায় রেখেই মোদীর প্রচারের জন্য এই ছবি তৈরি করা হচ্ছে। অন্যদিকে এর বিপরীতে গিয়ে কারও প্রতিক্রিয়া, চা-ওয়ালা থেকে প্রধানমন্ত্রীর কুর্শিতে যাওয়ার এই লড়াইকে অবশ্যই সবার সামনে তুলে ধরা উচিত।