
শেষ আপডেট: 25 May 2020 03:43
সোমবার সেই দৃশ্যই চোখে পড়ল। বিমান ছাড়ার অনেকক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছে গেলেন যাত্রীরা। তারপর তাঁদের থার্মাল স্ক্রিনিং করে বোর্ডিং পাস দেওয়া হল। ভিড় থাকলেও সবাই একটা নির্দিষ্ট সূরত্ব বজায় রেখেছিলেন। বিমানবন্দর ও বিমানকর্মীদেরও দেখা গেল পিপিই কিট পরে রয়েছেন। প্রথম দিনে সেনাবাহিনীর কর্মী, বেসরকারি অফিসের কর্মী ও পড়ুয়াদের ভিড় দেখা গেল বেশি। কেউ বাড়ি ফিরছেন। কেউ বা আবার চলেছেন কর্মক্ষেত্রে।
দিল্লি থেকে ভোর ৪ টে ৪৫ মিনিটে পুনের উদ্দেশে প্রথম বিমান উড়ে যায়। দিল্লি বিমানবন্দরে সকাল ৭ টা ৪৫ মিনিটে প্রথম বিমান নামে। যাতায়াতের আগে যাত্রীদের আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করার নির্দেশিকাও দিয়েছে কেন্দ্র। সেইমতো অ্যাপ ইনস্টল আছে কিনা তা দেখে নিচ্ছিলেন কর্মীরা।
জানা গিয়েছে, প্রথম তিন মাস বিমানের ভাড়া ২ হাজার টাকা থেকে ১৮৬০০ টাকার মধ্যে হবে। দূরত্ব অনুযায়ী ভাড়া কম-বেশি হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে দুই যাত্রীর মাঝের সিট খালি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিন মাস পরে ভাড়ায় পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে।
সব রাজ্যই জানিয়েছে, বিমান থেকে নামার পরেই যাত্রীদের সরাসরি কোয়ারেন্টাইন সেন্টারে যেতে হবে। কোথাও রাজ্যের তরফে কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। কোনও রাজ্য আবার জানিয়েছে, চাইলে যাত্রীরা বেসরকারি কোয়ারেন্টাইনে থাকতে পারেন। পঞ্জাব, কেরল, পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্য আবার বলেছে, উপসর্গ না থাকলে হোম কোয়ারেন্টাইনেও থাকতে পারেন যাত্রীরা। তবে কোয়ারেন্টাইনে তাঁদের থাকতেই হবে।
বিমান পরিষেবা শুরু করার সিদ্ধান্ত ঘোষণার পরে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর তরফে এই সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছিল। পশ্চিমবঙ্গে ২৮ মে থেকে পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্র। অন্যদিকে রবিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, এখন বিমান পরিষেবা চালু হবে না। যদিও পরে জানা গিয়েছে, মুম্বই বিমানবন্দর থেকে ২৫টি বিমান ওড়ার ও ২৫টি বিমান নামার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার।