দ্য ওয়াল ব্যুরো: আর ২৪ ঘণ্টা পরেই ভারতের মাটিতে প্রথমবারের জন্য পা দিতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে স্বাগত জানাতে সাজসাজ রব গুজরাতের আহমেদাবাদে। এখানেই মোতেরাতে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের উদ্বোধন করবেন তিনি। অথচ রবিবার সকালেই ঘটল বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ট্রাম্পকে স্বাগত জানাতে তৈরি করা একটি অস্থায়ী গেট।
মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে এই মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠান। তার সব প্রস্তুতিই প্রায় সারা। এই অনুষ্ঠানের পরেই বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হিসেবে মোতেরার উদ্বোধন করবেন ট্রাম্প। কিন্তু রবিবার সকালে হঠাৎ করেই স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে বানানো একটি অস্থায়ী গেট ভেঙে পড়ে। তখন উদ্যোক্তারা সেখানেই ছিলেন। ভাগ্য ভাল এই ঘটনায় কেউ আহত হননি।
https://twitter.com/NewsNationTV/status/1231448243860471811?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1231448243860471811&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Ftemporary-gate-at-motera-stadium-collapses-ahead-of-trumps-visit%2F
গেট ভেঙে পড়ার এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার পর স্বভাবতই অস্বস্তিতে পড়েছেন উদ্যোক্তারা। ইতিমধ্যেই এই দুর্ঘটনার কারণ জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এই গেট ভেঙে পড়ার পিছনে উদ্যোক্তাদের কোনও গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। নতুন করে গেট নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আয়োজকদের।
ডোনাল্ড ট্রাম্পের এই ভারত সফরকে ঐতিহাসিক করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, মোতেরার পাশপাশি সবরমতী আশ্রমেও নাকি যাবেন ট্রাম্প। তাজমহলেও তাঁর যাওয়ার কথা। তার জন্য যমুনাতে জল ছাড়া হয়েছে। রাস্তাঘাট পরিষ্কার করে রঙের পোঁচ পড়েছে। যাতে কোনওভাবে কোনও খারাপ জিনিস ট্রাম্পের চোখে না পড়ে সেদিকে তৎপর কেন্দ্র। তারমধ্যেই এই ঘটনা অস্বস্তিতে ফেলেছে মোদীকে।