দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রকোপ রুখতে একাধিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিদেশ থেকে ফিরলেই করোনার নমুনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেলফ কোয়ারিন্টাইনে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনেই নিজেকে সেলফ কোয়ারিন্টাইনে রেখেছেন প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
সম্প্রতি সৌদি আরব থেকে ফিরেছেন সুরেশ প্রভু। সেখানেও ছড়িয়েছে করোনা ভাইরাস। তাই দেশে ফিরে ঝুঁকি নেননি তিনি। শরীরে করোনা ভাইরাসের জীবাণু আছে কিনা তা পরীক্ষা করিয়েছেন। তাতে করোনা ভাইরাস পাওয়া যায়নি। তারপরেও সতর্ক প্রাক্তন রেলমন্ত্রী। নিজেকে ১৪ দিনের জন্য সেলফ কোয়ারিন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ, চিকিৎসকরা বলছেন এই ভাইরাসের জীবাণু সাধারণত ১৪ দিন পর্যন্ত জীবিত থাকে।
এর আগে একই পথে যেতে দেখা গিয়েছে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরনকে। তিনিও বিদেশ থেকে ফেরার পরে নিজেকে সেলফ কোয়ারিন্টাইনে রেখেছেন। সেই পথেই এবার হাঁটলেন সুরেশ প্রভু।
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করেছে, বিদেশ থেকে কেউ দেশে ফিরলে তাদের করোনা ভাইরাসের পরীক্ষা করাতে হবে। আর তা না করতে চাইলে অন্তত ১৪ দিন সেলফ কোয়ারিন্টাইনে রাখতে হবে নিজেকে। সেইসঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি থেকে ভারতে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪৭। তারমধ্যে ২৫ জন বিদেশি রয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। অবশ্য এই আক্রান্তের মধ্যে ১৪ জন সুস্থও হয়ে উঠেছেন। করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি।