দ্য ওয়াল ব্যুরো: বারাণসীতে বন্ধ ক্লাসরুমের মধ্যে উদ্ধার হল একটি কঙ্কাল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যান্টনমেন্ট এলাকার ওই কলেজে। কোভিড সংক্রমণের সময় স্কুল-কলেজ বন্ধ থাকায় ওই কলেজটিকে কোভিড শেল্টার হোম হিসেবে ব্যবহার করেছিল প্রশাসন। সেই সময়ই সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কিনা সেটাই ভাবছে পুলিশ।
সম্প্রতি কয়েকজন ছাত্র ক্লাসরুমের মধ্যে ওই কঙ্কাল দেখতে পায়। তারাই কলেজ কর্তৃপক্ষকে জানায়। তাঁরা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেন তাঁরা। পুলিশও চারদিক খতিয়ে দেখেছে। কিন্তু এখনও পর্যন্ত মৃতের কোনও পরিচয় জানা যায়নি। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে পেলে তবেই কিছু জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
কোভিড সংক্রমণের সময় স্থানীয় প্রশাসন ওই কলেজটিকে কোভিড শেল্টার হোম হিসেবে ব্যবহার করেছিল। গরিব, গৃহহীন ও প্রতিবন্ধীদের সেখানে রাখা হয়েছিল। কলেজের প্রিন্সিপাল ডক্টর এ কে সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেনম, কলেজের পিছনদিকে জঙ্গল হয়ে গিয়েছে। একটা মাঠ করার কথা রয়েছে সেখানে। তাই দু’দিন ধরে সাফাইয়ের কাজ চলছে। তাই অনেক ক্লাস বন্ধ রয়েছে। কয়েকজন ছাত্র টিফিনের সময় কলেজের পিছনের দিকে ওই ক্লাসরুমে যায়। সেখানেই কঙ্কালটি তারা দেখতে পায়।
সিং আরও বলেন, “সঙ্গে সঙ্গে ওরা এসে আমাকে ঘটনাটি জানায়। আমি খবর দিই পুলিশে। ওই ঘরে ক্লাস এখনও শুরু হয়নি। সেটা বন্ধই ছিল। জেলা প্রশাসন কোভিডের সময় কলেজকে শেল্টার হোম করেছিল। গরিব ও গৃহহীনদের সেখানে রাখা হয়েছিল। অনেক মানসিক প্রতিবন্ধীদেরও রাখা হয়েছিল। এই কঙ্কাল তাদের মধ্যেই কারও বলে মনে হচ্ছে।”
ক্যান্টনমেন্ট থানার পুলিশ ইন-চার্জ জানিয়েছেন, কঙ্কালটির ময়নাতদন্ত চলছে। দরকার পড়লে ডিএনএ টেস্ট করা হবে। এই মুহূর্তে ফরেন্সিক দল ও পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।