দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহের শুরুতে রাত্রি আটটা নাগাদ চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটার হ্যান্ডেল থেকে লিখেছিলেন, "ভাবছি রবিবার সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাব!"
হইহই পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। পরের দিনই অবশ্য প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে তিনি বেশ কয়েকজন নারীর হাতে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুলে দেবেন। প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে সেই নারীরা শোনাবেন তাঁদের লড়াইয়ের কাহিনি।
কথা মতো কাজ। রবিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানালেন, তিনি ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সমস্ত অ্যাকাউন্ট থেকে লগআউট করছেন।
এদিন টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, "আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের নারীশক্তির উদ্দীপনা ও সাফল্যকে সেলাম জানাই। ক'দিন আগে যা বলেছিলাম, সেভাবেই আমি সাইন অফ করলাম। সারাদিন ধরে সাত জন মহিলা নিজেদের জীবন যাত্রার কথা শেয়ার করবেন আমার অ্যাকাউন্ট থেকে। হয়তো আপনাদের সঙ্গে মতের আদানপ্রদানও করবেন আমার এই অ্যাকাউন্টের মাধ্যমে।''
মোদী আরও লেখেন, "দেশের সব অংশেই অসামান্য সব মহিলারা সাফল্য অর্জন করেছেন। তাঁরা বিভিন্ন ক্ষেত্রে দারুণ কাজ করেছেন। তাঁদের লড়াই লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দিচ্ছে। আসুন আমরা সেই সব মহিলাদের সাফল্যকে উদযাপন করি এবং তাঁদের থেকে শিখি।"
প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে প্রথম টুইট করেন স্নেহা মোহান্ডস। ভারতে তিনিই প্রথম শুরু করেছিলেন ফুড ব্যাঙ্ক। স্নেহা জানিয়েছেন, হাজার হাজার ঘরছাড়া মানুষের মুখে খাবার তুলে দিতেন তাঁর মা। সেই থেকেই তাঁর ফুডব্যাঙ্ক তৈরির কথা মাথায় আসে। এখন দেখার রবিবার সারাদিন স্নেহার পর আর কোন কোন নারীরা তাঁদের লড়াইয়ের কথা শোনান প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে।