দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ, কংগ্রেস নেতা নীতীশ রানের পর এ বার 'দাদাগিরি' দেখালেন শিবসেনা নেতা মিলিন্দ বৈদ্য। এই মিলিন্দ আবার মুম্বইয়ের প্রাক্তন মেয়রও বটে।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিয়ো। মিনিট পাঁচেকের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে এক ট্রাক চালককে প্রকাশ্য রাস্তায় সপাটে চড় মারছেন ওই শিবসেনা নেতা। একবার নয়, বারবার। আশেপাশে থাকা বাকি ট্রাক চালকদের উপর চড়াও হয়েছেন নেতার অনুগামীরাও।
কিন্তু কেন এই কাণ্ড?
মিলিন্দ বৈদ্য-র কথায়, মাহিম এলাকায় রেল স্টেশনের বাইরে যেখানে সেখানে ট্রাক দাঁড় করিয়ে রাখেন চালকরা। মূলত মুরগির ছানা নিয়ে যাওয়া হয় এইসব ট্রাকে। বহুবার বারণ করা সত্ত্বেও নাকি কোনও কথাই কানে নেননি ট্রাক চালকরা। নিত্যদিন নানা ঝামেলার মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তাই এলাকাবাসীর সুবিধার্থেই এ বার আইন নিজের হাতে তুলে নিলেন মুম্বইয়ের প্রাক্তন মেয়র।
https://twitter.com/ANI/status/1147096485932277760
মিলিন্দ আরও জানিয়েছেন, বহুবার বৃহন্মুম্বই পুরসভায় এই নিয়ে সরব হয়েছেন তিনি। তবে লাভের লাভ কিছুই হয়নি। বরং দিনের পর দিন কারও কোনও কথা না শুনে যেখানে সেখানে মুরগি ভর্তি ট্রাক রেখে গিয়েছেন চালকরা। তাই ট্রাক চালকদের উচিত শিক্ষা দিতেই তাঁদের সপাটে থাপ্পড় মেরেছেন মিলিন্দ এবং তাঁর অনুগামীরা। ট্রাক থেকে বেশ কিছু জিনসপত্র মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেও দেখা গিয়েছে তাঁদের।
ক'দিন আগেই কংগ্রেস নেতা নীতীশ রানে এবং তাঁর ১৬ জন অনুগামীকে গ্রেফতার করা হয়েছিল। মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় এক ডেপুটি ইঞ্জিনিয়ারের গায়ে বালতি করে কাদা ফেলে দিয়েছিলেন তাঁরা। মুম্বই-গোয়া হাইওয়ের খারাপ অবস্থার জন্য দায়ী করে ওই ইঞ্জিনিয়ারকে হেনস্থা করা হয়েছিল। সরকারি কর্মীকে মধ্যপ্রদেশের প্রকাশ্য রাস্তায় ব্যাট দিয়ে বেদম পিটিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ। এর জেরে চারদিনে শ্রীঘরেও কাটাতে হয় তাঁকে। কিন্তু শুক্রবারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।