দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের সমস্ত রেল স্টেশনের বোর্ড থেকে উঠে যাচ্ছে উর্দু লেখা। এমনই স্বিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। হিন্দি, ইংরাজির পাশাপাশি এবার ওই রাজ্যের স্টেশনগুলিতে নাম লেখা থাকবে সংস্কৃততে।
রাজ্যের তরফে সুপারিশ পাঠানোর পর রেল কর্তৃপক্ষ তাতে সিলমোহর দিয়েছে বলে খবর। প্রথমে হরিদ্বার, রুরকি ও দেহরাদুন স্টেশনে এই ভাষা পরিবর্তন হবে। তারপর ধাপে ধাপে রাজ্যের সমস্ত স্টেশনের বোর্ড থেকে উঠে যাবে উর্দু।
২০১০ সালে উত্তরাখণ্ড সরকার সংস্কৃত ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষার মর্যাদা দিয়েছে। সেই সূত্র ধরেই স্টেশনে স্টেশনে উর্দুর বদলে সংস্কৃত রাখার পদক্ষেপ শুরু হয়। এমনিতে রেলের নিয়ম হল হিন্দি ও ইংরাজিতে সব স্টেশনের নাম লেখার পাশাপাশি একেকটি রাজ্যে একেকটি ভাষায় লেখা থাকে। যেমন বাংলায় বাংলা, ওড়িশা ওড়িয়া। উত্তরাখণ্ডে এতদিন হিন্দি, ইংরাজির পাশাপাশি উর্দু লেখা থাকত। এবার থেকে তা হবে সংস্কৃত।
জানা গিয়েছে আধিকারিকরা এখন স্টেশনগুলির নামের বানান সংস্কৃততে কী হবে তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন।