দ্য ওয়াল ব্যুরো: শিউরে উঠেছিল গোটা দেশ। হিন্দুত্বের নামে একজন মুসলমান শ্রমিককে পেটাতে পেটাতে ক্লান্ত করে দেওয়ার পর, পেট্রল জ্বেলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার সেই ঘটনা এখনও টাটকা। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেওয়া হয়েছিল। রাজস্থানে কর্মরত মালদার শ্রমিক আফরাজুলকে হত্যাকারী শম্ভুলাল রেগার এ বার প্রার্থী হতে চলেছেন ২০১৯-এর লোকসভা ভোটে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী সংগঠন নবনির্মাণ সেনা প্রার্থী করবে শম্ভুনাথকে। সংগঠনের তরফে একটি সাংবাদিক বৈঠক ডেকে জানানো হয়েছে আগ্রা থেকে ভোট লড়বেন শম্ভুলাল রেগার।
নবনির্মাণ সেনার তরফে জানানো হয়েছে, জেলে থেকেও ভোটে লড়া যায়। এটা সাংবিধানিক অধিকার। শম্ভুলালকে প্রার্থী করার কারণ হিসেবে এই হিন্দুত্ববাদী সংগঠনের তরফে জানানো হয়েছে, শম্ভুনাথ হিন্দুত্ববাদীদের মুখ। যে কাজ শম্ভুলাল করেছিলেন তা হিন্দুত্বকে রক্ষা করার স্বার্থে। রাজনৈতিক সুরক্ষা দেওয়ার জন্যই ভোটে তাকে প্রার্থী করা হবে বলে জানিয়েছেন নবনির্মাণ সেনার নেতা।
আফরাজুল হত্যায় যোধপুর জেলে বন্দি শম্ভু। নবনির্মাণ সেনার তরফে দাবি করা হয়েছে, জেলবন্দি শম্ভুর সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন। সে ভোটে প্রতিদ্বন্দ্বীতা করতে রাজি হয়েছে। গত মার্চ মাসে রামনবমী উৎসবেও ‘থিম’ হয়ে উঠেছিল শম্ভুলাল। হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে রামনবমীর রথে শম্ভুর ছবি লাগিয়ে শোভা যাত্রা বের করা হয়।
গত বছর ডিসেম্বরে আফরাজুলকে হত্যা করা হয়। অভিযোগ ছিল লাভ জিহাদের জিগির তুলে খুন করা হয় ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলার শ্রমিককে। ওই ঘটনার পর নিন্দার ঝড় ওঠে সর্বত্র।