দ্য ওয়াল ব্যুরো : মধ্যপ্রদেশের ভোপাল থেকে বিজেপি প্রার্থী হতে পারেন মালেগাঁও বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। ওই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। সাধ্বী প্রজ্ঞা বলেছেন, তিনি ভোপাল থেকে বিপুল ভোটে জিতবেন।
তাঁর কথায়, আমি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছি। আমি ভোটে দাঁড়াব এবং অবশ্যই জিতব। সাধ্বী প্রজ্ঞা বুধবার ভোপালে বিজেপি অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে বিজেপির দুই শীর্ষস্থানীয় নেতা শিবরাজ সিং চৌহান ও রামলালের কথা হয়েছে বলে জানা যায়।
ভোপাল কেন্দ্র থেকে ২০১৪ সালে জিতেছিলেন বিজেপির অলোক সানজার। তিনি জানিয়েছেন, বিজেপি সাধ্বী প্রজ্ঞার পাশে আছে। তিনি যাতে ভোপাল কেন্দ্র থেকে জয়ী হন, সেজন্য দল সবরকম চেষ্টা করবে। মালেগাঁও বিস্ফোরণ সম্পর্কে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। এক মহিলা হেনস্থার শিকার হয়েছেন। এখন প্রতিশোধ নেওয়ার সময়।
২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওতে বিস্ফোরণে সাতজন নিহত হন। একটি মোটর সাইকেলে বোমা রাখা ছিল। লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত এবং সাধ্বী প্রজ্ঞার নামে ওই বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ ওঠে। বর্তমানে তাঁরা দু’জনেই জামিনে মুক্ত আছেন।
সাধ্বী প্রজ্ঞার দাবি, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব এবং তাদের পরাজিত করব। সাধ্বীর দাবি, তিনিও ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
এর আগে বহুবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন সাধ্বী প্রজ্ঞা। তিনি বিজেপি প্রভাবিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা দুর্গা বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে মোকায় মামলা খারিজ করে দিয়েছে। কিন্তু ইউএপিএ-তে এখনও মামলা চালু আছে তাঁর বিরুদ্ধে।
সাধ্বী প্রজ্ঞা ও কর্নেল শ্রীকান্ত পুরোহিত মালেগাঁও কাণ্ডে অভিযুক্ত হওয়ার পরে কংগ্রেস অভিযোগ করে, তাঁরা হিন্দু সন্ত্রাসবাদী। সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণে অভিযুক্ত স্বামী অসীমানন্দকেও হিন্দু সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল। ২০০৭ সালে সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণে ৭০ জন নিহত হন। তিনিও সন্ত্রাসদমন আদালতের রায়ে মুক্তি পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে এক জনসভায় বলেছেন, শান্তিপ্রিয় হিন্দুদের সন্ত্রাসবাদী বলেছে কংগ্রেস। এজন্য জনগণ তাদের শাস্তি দেবেন।