দ্য ওয়াল ব্যুরো: চার মাসের বেশি সময় হয়ে গেল। ৩২ বছরের এক রুশ তরুণী আটকে রয়েছেন তিরুপতি মন্দির এলাকায়। তাঁর মা আটকে রয়েছেন উত্তরপ্রদেশের বৃন্দাবনে। শেষ পর্যন্ত এই তরুনীর কাতর আবেদনে রাশিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দুই রুশ নাগরিককে মস্কো ফেরাতে উদ্যোগ নিল তিরুপতি তিরুমালা দেবস্থনম কর্তৃপক্ষ।
ভারতে তীর্থ দর্শনে এসেছিলেন এই রুশ মা ও মেয়ে। ফেব্রুয়ারি মাসে ভারতে এসে পৌঁছন তাঁরা। ইসকন-সহ একাধিক মন্দির দর্শনের পরিকল্পনা নিয়ে এদেশে এসেছিলেন দু’জন। কয়েকটি জায়গা মা ও মেয়ে একসঙ্গে ঘুরলেও বেশ কিছু জায়গায় আলাদা ঘোরার পরিকল্পনা ছিল। সেই মতো মার্চের ১৮ তারিখে মা পৌঁছন বৃন্দাবন এবং মেয়ে পৌঁছে যান তিরুপতিতে। এর মধ্যেই জনতা কার্ফু ঘোষণা হয়। ট্রেন, বিমান বন্ধ হওয়া শুরু হয়ে যায়।
সংবাদ সংস্থা পিটিআই গোটা বিষয়টি সামনে আনে। তারপরই নড়েচড়ে বসে টিটিডি কর্তৃপক্ষ। ওই তরুণী পিটিআইকে জানিয়েছেন, যে টাকা পয়সা তাঁরা সঙ্গে করে নিয়ে এসেছিলেন তা প্রায় শেষের মুখে। দেশে একাধিক বার যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি। এর মধ্যে রাশিয়াতেও করোনা সংক্রমণ হুহু করে বাড়তে শুরু করে। সব মিলিয়ে বিভুঁইয়ে এসে তীব্র সংকটে পড়েন এই দুই রুশ নাগরিক।
গতকাল, বুধবার তিরুপাতি তিরুমালা দেবস্থনম বোর্ডের সভাপতি ওয়াই ওয়াই সুব্বা রেড্ডি নিজে গিয়ে দেখা করেন ওই তরুণীর সঙ্গে। তিনি জানান, উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে তাঁর মাকে এখানে আনার ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, মন্দির কর্তৃপক্ষের তরফে রুশ দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, দ্রুত এই দু’জনকে মস্কো ফেরানোর ব্যবস্থা করবেন।
জানা গিয়েছ, ভারতে থাকা বেশ কয়েক জন রুশ ছাত্রকে অগস্টের ৮ তারিখে মস্কো নিয়ে যাওয় হবে। চেষ্টা করা হচ্ছে ওই বিমানেই যাতে এই দু’জনের ব্যবস্থা করা যায়।