রিয়াজের গতিবিধি নাকি সেনাকে জানিয়েছিল হিজবুলের প্রতিপক্ষ জঙ্গি গোষ্ঠীই
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বড়সড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। পুলওয়ামার কাছে নিজের গ্রামেই সেনার এনকাউন্টারে খতম হয়েছে হিজবুল মুজাহিদিনের কুখ্যাত কম্যান্ডার রিয়াজ নাইকু। ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর সমবেত অভিযানে
শেষ আপডেট: 7 May 2020 01:10
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বড়সড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। পুলওয়ামার কাছে নিজের গ্রামেই সেনার এনকাউন্টারে খতম হয়েছে হিজবুল মুজাহিদিনের কুখ্যাত কম্যান্ডার রিয়াজ নাইকু। ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর সমবেত অভিযানেই এই মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে।
এই ঘটনার পরই প্রকাশ্যে এসেছে এক বিস্ফোরক তথ্য। গোয়েন্দা সংস্থার একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, রিয়াজ যে মঙ্গলবার রাতে নিজের গ্রাম বেইঘবোরায় যাবে সেকথা সেনার কাছে পৌঁছেছিল হিজবুল মুজাহিদিনের প্রতিপক্ষ জঙ্গি সংগঠনের মাধ্যমেই। অর্থাৎ হিজবুলের প্রতিদ্বন্দ্বী কোনও জঙ্গি সংগঠনের মাধ্যমেই গোপন সূত্রে সেনাবাহিনী রিয়াজ নাইকুর গতিবিধির খোঁজ পায়। তবে কোন জঙ্গি সংগঠন এই তথ্য পাচারে যুক্ত সেকথা অবশ্য জানা যায়নি।
২০১২ সালে হিজবুল মুজাহিদিনে যোগ দেয় রিয়াজ নাইকু। জঙ্গি হওয়ার আগে সে ছিল অঙ্কের শিক্ষক। তবে হিজবুলে যোগদানের পর থেকেই উপত্যকার ত্রাস হয়ে উঠেছিল নাইকু। তরুণ প্রজন্মকে প্রভাবিত করে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ানো থেকে শুরু করে লোম খাড়া করে দেওয়া হুমকি চিঠি পাঠানো, সবতেই রিয়াজ ছিল হিজবুল মাথাদের পয়লা পছন্দ। কম্যান্ডার পদে নিযুক্ত হওয়ার পর থেকে আরও বেপরোয়া হয়েছে সে।
গত ৮ বছর ধরে নিরাপত্তাবাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল রিয়াজ নাইকুর। তার মাথার দাম ছিল ১২ লক্ষ টাকা। তিন বার ধরাও পড়েছিল নাইকু। কিন্তু সেনার নজর এড়িয়ে চম্পট দেয় সে। তবে এবার আর সেই সুযোগ পায়নি রিয়াজ। মঙ্গলবার রাতেই তার গ্রামের বাড়ি ঘিরে ফেলে সেনা। গোটা গ্রাম খালি করে স্পেশ্যাল অপারেশন শুরু করেন জওয়ানরা। আর তাতেই খতম হয় মোস্ট ওয়ান্টেড হিজবুল কম্যান্ডার রিয়াজ নাইকু।