
শেষ আপডেট: 22 September 2019 08:14
গৌরব গিল[/caption]
শনিবার FMSCI Indian National Rally Championship (INRC)। এই চ্যাম্পিয়নশিপের একটি ভাগ Maxperience Rally। তাতেই অংশ নিয়েছিলেন চলতি বছরের শুরুর দিকে অর্জুন অ্যাওয়ার্ড পাওয়া মোটর স্পোর্টস ড্রাইভার গৌরব গিল। কিন্তু তৃতীয় রাউন্ডে গিয়েই ঘটে বিপত্তি। সটান একটি বাইকে গিয়ে ধাক্কা মারে গৌরবের গাড়ি। তীব্রগতিতে ধাক্কা মারার ফলে বাইক থেকে ছিটকে যান তিনজন আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পুলিশ জানিয়েছে, নরেন্দ্র নামের ব্যক্তি, তাঁর স্ত্রী পুষ্পা এবং ছোট ছেলের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এমন মর্মান্তিক দুর্ঘটনার পর আপাতত স্থগিত রাখা হয়েছে র্যালি।
র্যালি আয়োজনকারী ভামসি মেরলা নামের এক আধিকারিক জানিয়েছেন, গৌরব দুর্ঘটনা এড়ানোর যথা সম্ভব চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ভামসি জানিয়েছেন, র্যালি চলবে বলে দিন ১৫-র জন্য সাধারণ যানবাহনের জন্য বন্ধ রাখা হয়েছিল এই রাস্তা। আশেপাশের বাসিন্দাদের সে কথা জানানোও হয়েছিল। সতর্কতার জন্য ব্যারিকেডও তৈরি করা হয়েছিল। কিন্তু কোনও নিষেধাজ্ঞাই মানছিলেন না স্থানীয় গ্রামবাসীরা। বরং বারবার ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ছিলেন। শনিবারও তাই হয়। রক্ষীদের সঙ্গে ঝগড়া করে তাঁদের নজর এড়িয়ে ওই রাস্তায় আচমকাই ঢুকে পড়ে নরেন্দ্রর বাইক। সে সময় রাস্তার বাঁক ঘুরছিল গৌরবের গাড়ি। স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেও ব্যর্থ হন গৌরব। তাঁর গাড়ি সটান গিয়ে ধাক্কা মারে ওই বাইকে।