দ্য ওয়াল ব্যুরো: মাদক মামলায় জেলে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তাঁর বাড়ি থেকে বিরাট পরিমাণ মাদক উদ্ধার হয়েছিল বলে অভিযোগ। এবার চার বছরের পুরনো মাদক মামলায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্স ডিরেক্টরেট সমন পাঠাল একঝাঁক অভিনেতা, অভিনেত্রীকে।
সেই তালিকায় রয়েছেন রাকুলপ্রীত সিং এবং রানা দাগগুবাতিও। তা ছাড়া আরও ১০ জনকে ডেকেছে ইডি। রাকুলপ্রীত সিংকে ইডি দফতিরে হাজিরা দিতে বলা হয়েছে ৬ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর ডেকেছে রানাকে। রবি তেজাকে ডাকা হয়েছে ৯ সেপ্টেম্বর।
২০১৭ সালে তেলেঙ্গানার আফগারি বিভাগ ৩০ লক্ষ টাকার মাদক উদ্ধার করে ১২টি মামলা রুজু করেছিল। মাদক পাচারের অভিযোগও ছিল। ১১টি মামলার চার্জশিট ইতিমধ্যেই পেশ করা হয়েছে।
ইডি আধিকারিকদের সন্দেহ, মাদক পাচারের ঘটনায় জড়িত ছিলেন রাকুল, রানা, এবং আরও কয়েকজন। যদিও এক সিনিয়র ইডি কর্তা বলেছেন, এখন গোটা ব্যাপারটাই সন্দেহ। কয়েকটি সূত্র দেখে এটা মনে করা হচ্ছে। ওঁদের জিজ্ঞাসাবাদের পরেই সবটা পরিষ্কার হবে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগ সামনে এসেছিল। সেই সময়ে দীপিকা পাড়ুকোণ, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ডাকা হয়েছিল রাকুলপ্রীতকেও। ফের এক মাদক মামলায় নাম জড়াল রাকুলের।