দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মাহান্তি করোনা আক্রান্ত হয়েছেন। এই খবর টুইট করে জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। টুইটে তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনাও করেছেন গেহলট। প্রধান বিচারপতি আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিচারক, উকিল মিলিয়ে হাইকোর্টের শতাধিক কর্মীকে।
টুইট করে রাজস্থানের মুখ্যমন্ত্রী জানান, “আমি জানতে পেরেছি রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মাহান্তি করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর স্বাস্থ্যের ব্যাপারে আমি উদ্বিগ্ন। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
আগেরদিনই রাজস্থান হাইকোর্টের ৫ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে প্রধান বিচারপতির অফিসেরও কর্মী ছিলেন। তারপরেই ইন্দ্রজিৎ মাহান্তির নমুনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে।
শনিবার হাইকোর্টে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন মাহান্তি। সেখানে অনেক বিচারক, কর্মী ও ১০০ জনের বেশি উকিল ছিলেন। এই অনুষ্ঠানের পরেই ৫৯ বছরের বিচারপতির আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ ছড়িয়েছে রাজস্থান হাইকোর্টে। আরও অনেকের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁরা যাঁরা শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রত্যেকের পরীক্ষা হবে। রবিবার সরকারের তরফে একটি দলকে হাইকোর্টে পাঠানো হবে। তাঁরাই প্রত্যেকের নমুনা সংগ্রহ করবেন। আপাতত তাঁদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৬৫ হাজার ২ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। এই নিয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ২৬ হাজার ১৯২। ২৪ ঘণ্টায় ৯৯৬ জনের মৃত্যুও হয়েছে। ভারতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ হাজার ৩৬ জন। রাজস্থানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ৯০০ জন। তার মধ্যে ৮৪৬ জনের মৃত্যু হয়েছে।
ইতিমধ্যেই রাজনীতি ও অন্যান্য ক্ষেত্রে অনেক নামকরা ব্যক্তিত্ব এই ভাইরাসের কবলে পড়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন তাঁদের মধ্যে অন্যতম। এই সপ্তাহেই করোনা আক্রান্ত হয়ে বিখ্যাত উর্দু কবি রাহত ইন্দোরির মৃত্যু হয়েছে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।