দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে দিল্লি এবং সংলগ্ন এলাকায়। বেলা বাড়লে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। মৌসম ভবন জানিয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ২১ জুলাই পর্যন্ত বৃষ্টি চলবে দিল্লিতে। আইএমডির পূর্বাভাস দিল্লি ছাড়াও বৃষ্টি হবে আদমপুর, হিসার, জিন্দ, গোহানা, গন্নাউর, বারুত, রোহতক, সোনিপত, বাগপট, গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ এবং ফরিদাবাদেও।
মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। তার জেরেই আগামী মঙ্গলবার পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে দিল্লি এবং সংলগ্ন এলাকায়। এমনটাই জানিয়েছেন আইএমডি প্রধান কুলদীপ শ্রীবাস্তব। তবে হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বেশ কিছু বিচ্ছিন্ন এলাকায় রবিবার ১৯ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আইএমডি প্রধান কুলদীপ শ্রীবাস্তবের কথায় চলতি সপ্তাহে দিল্লিতে ভাল পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি বছর নির্ধারিত সময়েই ভারতে এসেছে বর্ষা। নির্দিষ্ট দিন অর্থাৎ ১ জুন কেরল উপকূলে ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তারপর ছড়িয়ে পড়েছে অন্যান্য রাজ্যে। মৌসম ভবন জানিয়েছিল নির্ধারিত সময়ের প্রায় দু'সপ্তাহ আগে সারা দেশ ছেয়ে গিয়েছিল মৌসুমী বায়ুতে। দিল্লিতে এ বছর বর্ষা এসেছে নির্দিষ্ট দিনের দু'দিন আগে অর্থাৎ ২৫ জুন। অন্যান্য বার রাজধানী শহরে বর্ষা আসে ২৭ জুন। তবে এ বছর বর্ষার মরশুমে দেশে সঠিক পরিমাণ বৃষ্টি হবে বলেই জানিয়েছে মৌসম ভবন। দিল্লির পাশাপাশি মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়রের বিক্ষিপ্ত কিছু অংশে।
তবে সময়ের আগে বর্ষা এলেও বৃষ্টির পরিমাণে ঘাটতি রয়েছে দিল্লিতে। আইএমডির পরিসংখ্যান অনুসারে, জুলাই মাসে এ যাবৎ বৃষ্টিপাত হয়েছে ৪৭.৯ মিলিমিটার। যা স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ১০৯.৪ মিলিমিটারের তুলনায় ৫৬ শতাংশ কম। অন্যদিকে শনিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়া। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।