বেকাররা কাজ চাইছে, সরকার চাঁদ দেখাচ্ছে, মহারাষ্ট্রে মোদীকে আক্রমণ রাহুলের
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে বিপর্যয়ের পর দলের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। সংসদে যাওয়া ছাড়া প্রকাশ্য কোনও রাজনৈতিক কর্মসূচিতে বক্তৃতাও দেননি। প্রায় পাঁচ মাস পর মহারাষ্ট্রের ভোট প্রচারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন
শেষ আপডেট: 13 October 2019 13:03
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে বিপর্যয়ের পর দলের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। সংসদে যাওয়া ছাড়া প্রকাশ্য কোনও রাজনৈতিক কর্মসূচিতে বক্তৃতাও দেননি। প্রায় পাঁচ মাস পর মহারাষ্ট্রের ভোট প্রচারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কাকতালীয় ভাবে এ দিনই মহারাষ্ট্রে তাঁদের নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাহুল এ দিন বলেন, “গাড়ি, হিরে, বস্ত্র—শিল্পের সব ক্ষেত্র ধুঁকছে। ৪০ বছরে বেকারত্ব সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। কিন্তু মিডিয়া, মোদী কারও মুখে এসব নিয়ে টুঁ শব্দটিও নেই।” মহারাষ্ট্রের লাটুর জেলায় জনসভা ছিল রাহুলের। আগামী ২১ তারিখ ভোট গ্রহণ। ভোটের যখন আর এক সপ্তাহ বাকি তখন মোদীর বিরুদ্ধে অর্থনৈতিক মন্দাকেই মহারাষ্ট্রের ভোট ময়দানে হাতিয়ার করলেন সনিয়া-পুত্র।
পদত্যাগী কংগ্রেস সভাপতি এ দিনের জনসভায় আরও বলেন, “যখন দেশের বেকাররা কাজ চাইছে, সরকার তখন চাঁদ দেখাচ্ছে। ৩৭০ ধারা, চাঁদ নিয়ে সরকারের কথার ফুলঝুরি ফুটছে। অথচ আশু সমস্যাগুলি নিয়ে কোনও ভ্রুক্ষেপই নেই।”
লোকসভা ভোটে মহারাষ্ট্রে মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। ৪৮টি আসনের মধ্যে সাবেক দল জিতেছে মাত্র একটি আসনে। সারা দেশের মতোই মারাঠা মুলুকেও কংগ্রেস সংকটে। লোকসভা পরবর্তী সময়ে তা আরও তীব্র হয়েছে। শেষ তিন মাসে ৮ জন বিদায়ী কংগ্রেস বিধায়ক দল ছেড়েছেন। তাঁরাই আবার এই ভোটে বিজেপি অথবা শিবসেনার টিকিটে প্রার্থী হয়েছেন।
সম্প্রতি রাহুলের ‘উধাও’ হয়ে যাওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল কংগ্রেসের ভিতর। কেউ বলেছিলেন ব্যাঙ্কক গিয়েছেন। কেউ বলেছিলেন কম্বোডিয়ায় গিয়েছেন ধ্যান করতে। তখন কংগ্রেসের অনেক বর্ষীয়ান নেতাও রাহুলের সমালোচনায় মুখর হয়েছিলেন। সংশয় তৈরি হয়েছিল আদৌ তাঁকে দু’রাজ্যের ভোট প্রচারে দেখা যাবে কিনা তা নিয়ে। কিন্তু প্রচারে নামলেন রাহুল। হাতিয়ার করলেন সেই অর্থনীতিকেই।
যদিও বিজেপি এসবে আমল দিচ্ছে না। গেরুয়া শিবিরের এক নেতার কথায়, “রাহুল নিজেই বলেন। নিজেই শোনেন। লোকসভার ভাঙা রেকর্ড এখনও বাজিয়ে চলেছেন। লোকসভায় যা ফলাফল হয়েছে কংগ্রেসের, এ বার আরও খারাপ হবে। তারপর আবার ওঁকে ছ’মাস দেখা যাবে না।”
পড়ুন দ্য ওয়ালের পুজো সংখ্যার বিশেষ লেখা…..