দ্য ওয়াল ব্যুরো: দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে আবার আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মুম্বইয়ে। আর তাই সংক্রমণ মোকাবিলায় আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে মুম্বই পুলিশ। ১৪৪ ধারার আওতায় একাধিক নিয়ম লাগু করা হচ্ছে। প্রকাশ্যে মানুষের চলাচলের ক্ষেত্রে অনেক বেশি নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার নতুন করে মুম্বইয়ে ৯০৩ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে এই শহরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭,১৯৭। মঙ্গলবার নতুন করে ৯৩ জনের মৃত্যু হয়েছে বাণিজ্য নগরীতে। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫৪।
এই পরিস্থিতিতে জরুরি পরিষেবা ছাড়া অন্য ক্ষেত্রে প্রকাশ্যে যাতায়াতের ক্ষেত্রে কড়া নিয়ম লাগু করছে মুম্বই পুলিশ। বুধবার থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রকাশ্যে একের বেশি মানুষের যাতায়াত ও জমায়েত বন্ধ করার জন্যই এই নিয়ম কার্যকর করা হয়েছে। এমনকি ধর্মীয় স্থানেও কোনও রকমের জমায়েত চলবে না।
মুম্বই পুলিশের এই নির্দেশিকায় বলা হয়েছে, কন্টেইনমেন্ট জোনে একের বেশি মানুষের যাতায়াত নিষিদ্ধ। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের যাতায়াত করার অনুমতি রয়েছে। এমনকি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের যে কোনও জায়গায় যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
এই নিয়ম থেকে অবশ্য জরুরি পরিষেবা যেমন, খাদ্য, সবজি, দুধ, ওষুধ, মুদিখানার সামগ্রী, হাসপাতাল, প্রভৃতি ক্ষেত্রকে বাদ রাখা হয়েছে। এছাড়া পুলিশ ও সুরক্ষা কর্মীদেরও ছাড় দেওয়া হয়েছে। মুম্বই পুলিশের তরফে এর আগেও এই ধরনের নিয়ম বলবত করা হয়েছিল।
প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই ধরনের জমায়েত থেকেই একাধিক মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই এই নিয়ম লাগু করা হয়েছে। কিন্তু জরুরি পরিষেবা ছাড়া অন্য পরিষেবা অর্থাৎ দোকান, বাজার, সেলুন, স্পা, বিউটি পার্লারে কেউ যেতে পারেন, যদি সেটা কাছাকাছি এলাকায় হয়। বেশি দূরে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।
এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, সব জায়গায় অন্তত ছ’ফুট দূরত্ব বজায় রাখতেই হবে। এই নিয়ম কার্যকর হচ্ছে কিনা তা দেখার জন্য প্রতিটি জোনের ডেপুটি কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরাই পুরোটা তদারক করবেন। কেউ নিয়ম ভাঙলে প্রয়োজন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।