সিটে বসা নিয়ে ঝগড়া বাঁধালেন বিজেপি সাংসদ, বিমান উড়ল ৪৫ মিনিট দেরিতে
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের!
এবার দিল্লি থেকে ভোপালগামী বিমানে সিটে বসা নিয়ে যহযাত্রীদের সঙ্গে ঝগড়া করে বিতর্কে জড়ালেন এই হিন্দুত্ববাদী নেত্রী। প্লেনের মধ্যে সেই ঝগড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সো
শেষ আপডেট: 23 December 2019 06:33
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের!
এবার দিল্লি থেকে ভোপালগামী বিমানে সিটে বসা নিয়ে যহযাত্রীদের সঙ্গে ঝগড়া করে বিতর্কে জড়ালেন এই হিন্দুত্ববাদী নেত্রী। প্লেনের মধ্যে সেই ঝগড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
শনিবার স্পাইস জেটের বিমানে দিল্লি থেকে ভোপাল ফিরছিলেন প্রজ্ঞা। বিজেপি সাংসদ হুইল চেয়ার নিয়েই বিমানে ওঠেন। তেমনই বুকিং ছিল তাঁর। কিন্তু বসে পড়েন একেবারে ফ্রন্ট রো-তে জানলার ধারে। ওই সিট যে যাত্রী বুক করেছিলেন, তিনি বসতে চাইলে ঝগড়া শুরু হয়ে যায় মালেগাঁও বিস্ফোরণে অন্যতম অভিযুক্তর সঙ্গে।
ভিডিওতে শোনা যায় ওই যাত্রী বলছেন, “আমি অতিরিক্ত টাকা দিয়ে এই আসন বুক করেছি। আপনি তো জনপ্রতিনিধি। আপনার উচিত মানুষের ভালমন্দ দেখা।” বিমানের কর্মীদের ওই যাত্রী বলেন, “আপনারা ব্যবস্থা করে দিন।” প্রজ্ঞাও দাবি করেন ওটা তাঁরই সিট। বিপাকে পড়েন বিমানকর্মীরা।
https://twitter.com/VORdotcom/status/1208928410073997313
এরপর ওই যাত্রী বলেন, “আপনারা দেশের নেতা! লজ্জা হওয়া উচিত!” এই কথা শুনেই রেগে যান প্রজ্ঞা। আঙুল তুলে ভোপালের সাংসদকে বলতে শোনা যায়, “মুখ সামলে কথা বলুন। ভাষা ঠিক করুন।” পালটা ওই যাত্রী বলেন, “আমি ঠিক ভাবেই কথা বলছি। আমার ভাষাও ঠিক আছে। লজ্জা হওয়া উচিত এটা কোনও খারাপ কথা নয়।”
অনেকের মতে, লোকাল ট্রেনে বা পাবলিক বাসে বসার জায়গা নিয়ে এই ধরনের ঝগড়াঝাটি প্রায়ই দেখা যায়। কিন্তু তা বলে প্লেনে! জানা গিয়েছে এই ঝগড়াঝাটির কারণে নির্ধারিত সময়ের থেকে ৪৫ মিনিট দেরিতে ওড়ে ওই বিমান। কয়েকদিন আগেই সংসদে নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে বিতর্কে জড়িয়েছিলেন এই বিজেপি নেত্রী। এবার প্লেনে ঝগড়া করে বসলেন।