দ্য ওয়াল ব্যুরো: মদ কিনতে লম্বা লাইন। আর সেখানেও করোনা সতর্কতা। মারণ ভাইরাস রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরলের একটি মদের দোকানের সামনে দেখা গেল করোনা নিয়ে কড়া সতর্কতা। নির্দিষ্ট দূরত্বে এসে দাঁড়াচ্ছেন ক্রেতারা। সেই লাইনে কড়া নিজর রাখছেন একজন পুলিশ ও একজন মদের দোকানের কর্মচারী।
চক দিয়ে কেটে দেওয়া রয়েছে ছক। দূর থেকে দেখলে মনে হবে মদের দোকানের সামনে বুঝি কিতকিত খেলার ছক কেটেছে খুদেরা। কিন্তু তা নয়! তিনফুট অন্তর একটি করে দাগ কাটা। একজন সামনের দাগে পা ফেললে তবেই পরের জন তাঁর জায়গায় গিয়ে দাঁড়াবেন। অন্যথা হলেই ধমক। মুখে মাস্ক পরে পুলিশকর্মী এসে ঠিক করিয়ে দিচ্ছেন লাইন।
ভিডিওতে দেখা যাচ্ছে, কাউন্টারের সামনে গিয়ে কেউ হয়তো লুঙ্গির কোঁচড় বা জামার বুক পকেট থেকে টাকা বের করতে গিয়ে অন্যমনস্ক হয়ে দাগ ভুল করে এগিয়ে বা পিছিয়ে যাচ্ছেন, তখনও তাঁকে বকে দিচ্ছেন মদের দোকানের কর্মচারী।
https://twitter.com/kartikeya_1975/status/1240919925486583809
ভারতের মধ্যে প্রথম করোনা আক্রান্তের খবর মিলেছিল কেরলেই। মহারাষ্ট্রের পরে দক্ষিণের এই রাজ্যেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু তাতে একটুও কমেনি মদের দোকানের ভিড়। বরং কী ভাবে সতর্ক থেকে মদ কেনা যায় সেটাই উঠে এসেছে কেরলের এই ছবিতে।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই আতঙ্কের মধ্যেও হাসির রোল উঠেছে। অনেকের বক্তব্য, সচেতনতার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে এই মদের দোকান। এভাবে যদি বাজার-হাটেও এই ফর্মুলা প্রয়োগ করা যায় তাহলেই সাধারণ মানুষের উপকার।