দ্য ওয়াল ব্যুরো: লন্ডন থেকে ফিরে কাউকে কিছু জানাননি। তারপর জ্বর হওয়ার পর বিষয়টি পরিষ্কার হয়। গতকালই জানা গিয়েছিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড গায়িকা কণিকা কাপুর। ভর্তি রয়েছেন লখনউয়ের হাসপাতালে। শনিবার সকালে উত্তরপ্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ জানিয়ে দিল, রোগ লুকোনোয় একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে কণিকার বিরুদ্ধে।
সরোজিনী নগর থানার পুলিশ আধিকারিক সুরজিৎ পান্ডে সংবাদমাধ্যমে জানিয়েছেন, ১৮৮, ২৬৯ ও ২৭০ধারায় অভিযোগ দায়ের হয়েছে কণিকার বিরুদ্ধে।
কয়েকদিন আগেই লন্ডন থেকে লখনউ ফেরেন কণিকা। অভিযোগ, একথা কাউকে জানাননি তিনি। এমনকি নিজের বাড়িতে বন্ধুবান্ধবের জন্য একটি বিলাসবহুল পার্টিও দিয়েছিলেন তিনি। সেই পার্টিতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ছেলে দুষ্মন্ত সিন্ধিয়া। তিনি নাকি তারপর সংসদেও গেছিলেন।
ইনস্টাগ্রামে নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন কণিকা। জানিয়েছেন, চারদিন আগে তাঁর জ্বর হয়েছিল। লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় হাসপাতালে পরীক্ষা করাতে যান তিনি। রিপোর্টে দেখা যায় কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন কণিকা।
করোনা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে প্রশাসনের সর্বোচ্চস্তর থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সতর্ক করেছেন। তারপও এই ধরনের ঘটনাকে 'অপরাধ' হিসেবেই দেখছে পুলিশ।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই এক ইতালির পর্যটক-সহ ভারতে করোনায় মৃত্যু হয়েছে পাঁচজনের।